নজরুল মেলায় নীলিমা দাশকে আজীবন সম্মাননা

নজরুল মেলায় সংগীতশিল্পী প্রশিক্ষক নীলিমা দাশকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে এবি ব্যাংক-চ্যানেল আই নজরুল মেলার আয়োজন করছে চ্যানেল আই। ২৫ মে রোববার মেলার দিন তাঁকে আনুষ্ঠানিকভাবে এ সম্মাননা প্রদান করা হবে।
চ্যানেল আই সূত্রে জানা গেছে, ২৫ মে বেলা ১১টা পাঁচ মিনিটে মেলার উদ্বোধন করা হবে। এতে উপস্থিত থাকবেন দেশবরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী-সাহিত্যিক, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, নজরুল বিশেষজ্ঞ, নজরুল সংগীতশিল্পী ও চ্যানেল আইয়ের পরিচালকেরা।
নজরুল মেলা উপলক্ষে আজ বৃহস্পতিবার চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ ও সংগীতশিল্পী ফেরদৌস আরা।
শাইখ সিরাজ বলেন, ‘একটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে আমাদের দায়িত্ব জাতীয় কবি নজরুলের বিশাল কর্মকে বিশ্ববাসীর কাছে পৌঁছানো।’
সাজ্জাদ হোসেন জানান, চ্যানেল আই প্রাঙ্গণে নয়, বরং দেশের কোনো উল্লেখযোগ্য স্থানে নজরুল ইসলাম বা রবীন্দ্রনাথের কোনো ভাস্কর্য স্থাপন করতে চাইলে এবি ব্যাংক সহায়তা করবে।
জানা গেছে, এবারের মেলায় থাকবে ৫০ জন শিশুর উন্মুক্ত চিত্রাঙ্কন। থাকবে নজরুলের ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন সময়ের ছবি নিয়ে ফটোগ্যালারি। মেলার খোলা প্রাঙ্গণে তৈরি অনুষ্ঠানমঞ্চ থেকে দিনব্যাপী পরিবেশিত হবে নবীন-প্রবীণ শিল্পীদের পরিবেশনায় নজরুলসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, আবৃত্তি ইত্যাদি।
নজরুল মেলা পরিচালনা করবেন আমীরুল ইসলাম ও শহীদুল আলম সাচ্চু। উপস্থাপনায় অপু মাহফুজ ও মৌসুমী বড়ুয়া।