নজরুল সম্মেলন শুরু হলো

মেঘমেদুর দিনের শেষে সম্মেলক কণ্ঠে একটি ভক্তিমূলক গানের সম্মেলক পরিবেশনা ‘দোলে ঝুলন দোলায়’। পরের দুটি লোকসুরনির্ভর একক গান। তরুণ শিল্পী সঞ্জয় কবিরাজ গাইলেন ‘মেঘলা নিশি ভোরে’ এবং নুসরাত জাহান গাইলেন ‘নাচের নেশায় ঘোর লেগেছে’। এরপর মাকসুদুর রহমান মোহিত খান শোনালেন ‘ফুলের জলসায় নীরব কেন কবি’। জাতীয় কবির নানা আঙ্গিকের এসব গানের পরিবেশনা দিয়ে গতকাল সন্ধ্যায় শুরু হলো দুই দিনব্যাপী নজরুল সম্মেলন৷
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার আয়োজনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হয়েছে এই সম্মেলন৷ এ আয়োজনের শুরুতে সংগঠনের সভাপতি খালিদ হোসেন তাঁর শুভেচ্ছা বক্তব্যে নজরুল যে দেশপ্রেম, অসাম্প্রদায়িক চেতনা ও উদার মানবিকতাবোধে গোটা বাঙালি জাতিকে উজ্জীবিত করতে চেয়েছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে তার যথাযথভাবে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান৷
সংগঠনের সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল স্বাগত বক্তৃতায় বলেন, নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা ও চর্চার ক্ষেত্রে সংস্থা কাজ করে চলেছে৷ এর অংশ হিসেবেই দুই দিনের এই সম্মেলনের আয়োজন করা হয়েছে৷ ভবিষ্যতে তাঁরা আন্তর্জািতক
পর্যায়ে কবির কাজগুলো তুলে ধরতে চান৷
অনুষ্ঠানে একক ও সমবেত সংগীত পরিবেশনায় অংশ নেন খালিদ হোসেন, খায়রুল আনাম শাকিল, সুমন মজুমদার, আফরোজা খান, বিজন চন্দ্র মিস্ত্রি, ছন্দা চক্রবর্তী, রেজাউর রহমান, ডালিয়া আহমেদ, সেলিনা হোসেন, ইয়াকুব আলী খান, শহীদ খান, মেহফুজ আল ফাহাদ, জোসেফ কমল রড্রিক্স, সুজন রহমান, মুস্তারী হোসেন, মাহফুজ হক, শরিফা শিরিন, সুরাইয়া আলম প্রমুখ। তাঁদের পরিবেশনায় ছিল ‘সবার কথা কইলে’, ‘আমার শ্যামা মায়ের কোলে চড়ে’, ‘আধো ধরণি আলো’, ‘জাগো অনশন বন্দী’, ‘কিশলয়ে রাঙা সজ্জা পাতিয়া’, ‘আবার ফিরে এলো রে’, ‘শাওন আসিল ফিরে’, ‘আমার কোন কূলে আজ’ এসব গান। গানের ফাঁকে ছিল সামিনা হোসেনের নেতৃত্বে নৃত্য । নজরুলের লেখা থেকে পাঠ করেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
আজ সমাপনী দিনের অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়৷