নজরুল স্মরণ অনুষ্ঠান
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিল্পী বেদারউদ্দিন আহমদ (নজরুলসংগীতে-মরণোত্তর) ও অধ্যাপক জাহাঙ্গীর তারেককে (নজরুল গবেষণা-মরণোত্তর) ২০১১ সালের নজরুল পদক দেওয়া হয়।‘পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের পাঠ্যসূচিতে নজরুলের স্থান’ বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃৃতিসচিব সুরাইয়া বেগম। আলোচক ছিলেন অধ্যাপক বেগম জাহানারা ও অধ্যাপক সৌমিত্র শেখর। শুভেচ্ছা বক্তব্য দেন কবিনাতনি খিলখিল কাজী। সভাপতিত্ব করেন নজরুল গবেষক ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। পরে সংগীত পরিবেশন করেন খালিদ হোসেন, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা, খায়রুল আনাম শাকিল, নাশিদ কামাল, খিলখিল কাজী প্রমুখ। দলীয় সংগীত পরিবেশন করেন নজরুল ইনস্টিটিউটের শিল্পগুীরা। একক আবৃত্তি করেন লায়লা আফরোজ, মাহিদুল ইসলাম, সীমা ইসলাম প্রমুখ।