নজরুল স্মৃতি নিদর্শনের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির মানুষটি চিরচেনা। মাথায় ঝাঁকড়া চুল, গায়ে চাদর জড়ানো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তাঁর বেশ কয়েকটি ছবি দেয়ালে ঝুলছে। চারপাশে রাশি রাশি পুস্তিকা, কবির ব্যবহূত জিনিস সবকিছু সাজানো পরিপাটি করে। আয়োজকদের ব্যস্ততা, আমন্ত্রিত ব্যক্তিরা সাগ্রহে দেখছেন ঘুরে ঘুরে। বহুজনের কণ্ঠে সচকিত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারি। কবির জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সেখানে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। সাম্য, দ্রোহ ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জয়ন্তী ছিল গত শনিবার ১১ জ্যৈষ্ঠ। কবির জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে গতকাল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বই, আলোকচিত্র ও স্মৃতি নিদর্শনের এ বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস প্রদর্শনীর উদ্বোধন করেন। শুভেচ্ছা বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক রশীদ হায়দার। স্বাগত বক্তব্য দেন জাদুঘরের মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস। সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের পরিচালনা পর্ষদের সভাপতি এম আজিজুর রহমান। প্রদর্শনীতে বাংলাদেশ জাতীয় জাদুঘরের ৯০টি নিদর্শন ও ১৪টি আলোকচিত্র এবং নজরুল ইনস্টিটিউটের দুটি নিদর্শন, ৬৪টি আলোকচিত্র ও ১০০টি বই স্থান পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রণজিৎ কুমার বিশ্বাস বলেন, নজরুল মানবতার কবি, অসাম্প্রদায়িক কবি। জাদুঘরের এ বিশেষ প্রদর্শনী নজরুলের অসাম্প্রদায়িক চেতনা জনগণের মাঝে সঞ্চারিত করবে। মহাপরিচালক প্রকাশ চন্দ্র দাস বলেন, ‘নজরুলের স্মৃতি নিদর্শন আমাদের জাতীয় চেতনাকে বেগবান করবে, এই প্রদর্শনীর মাধ্যমে আগামী প্রজন্ম নজরুলকে আরও বেশি করে জানার সুযোগ পাবে।’ শুভেচ্ছা বক্তব্যে রশীদ হায়দার বলেন, কবির সৃষ্টি কোনো জাতি বা গোষ্ঠীর নয়, সমগ্র মানবজাতির। প্রদর্শনী ৩১ মে পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ।এ ছাড়া নজরুলজয়ন্তী উদ্যাপনের অংশ হিসেবে জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যায় আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।আমি আমার দেশকে ভালোবাসিমহাখালীর গ্যালারি কসমস-২তে চলছে ‘আমি আমার দেশকে ভালোবাসি’ শীর্ষক যৌথ শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনীতে অংশ নিয়েছেন শিল্প আফরোজা জামিল, মোহাম্মদ ইকবাল, বিপাশা হায়াত, মাকসুদা ইকবাল, পীযূষ কান্তি ও রেবেকা সুলতানা। প্রদর্শনী শুরু হয়েছে ২৪ মে। চলবে আগামী ২ জুন পর্যন্ত।স্বপ্নদলের চিত্রাঙ্গদা শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে আজ সোমবার সন্ধ্যা সাতটায় নাট্যসংগঠন স্বপ্নদল রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য চিত্রাঙ্গদা মঞ্চস্থ করবে। গবেষণাগার নাট্যরীতির আঙ্গিকে এর নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুদানে স্বপ্নদল ২০১১ সালে চিত্রাঙ্গদা প্রথম মঞ্চে আনে। ইতিমধ্যে নাটকটির ২২টি মঞ্চায়ন হয়েছে। নর্দান থিয়েটার আয়োজিত ‘নর্দান স্টুডিও থিয়েটার ফেস্টিভ্যাল-২০১৩’-এর অংশ হিসেবে আজ নাটকটি মঞ্চস্থ হচ্ছে।