
‘আমাকে যখন চারদিক থেকে নানা ধরনের কষ্ট ঘিরে ধরে, সবাই যখন ভুল বোঝে, তখন আমি নজরুলের কাছে আশ্রয় নিই।’ কথাটা বলেই খানিক ভাবলেন সম্পা দাস। তারপর বললেন, ‘কাজী নজরুল ইসলাম এমন কিছু লিখে গেছেন, যেখানে আপনি জীবনের সব মানে খুঁজে পাবেন।’ মুখোমুখি বসেছি নজরুলসংগীতশিল্পী ও গবেষক সম্পা দাসের। কথার শুরুতেই তাই উঠে এল আমাদের জাতীয় কবির জীবন, লেখা ও দর্শন।
জানতে চাইলাম, নজরুলের সঙ্গে তাঁর ‘সম্পর্ক’ তৈরি হওয়ার গল্প। বললেন, ‘খুব ছোটবেলায় নাচ করতাম। ওই সময় নজরুলসংগীতের সঙ্গে নিয়মিত নাচ করা হতো। প্রেমটা সম্ভবত ওই সময় থেকেই শুরু। ওই নাচই আমাকে নজরুলসংগীতশিল্পী বানিয়েছে।’
সম্পা দাসের গানের শুরুটা অবশ্য ঘর থেকে। বাবা রণজিৎ কুমার দাস তবলা বাজাতেন। তো ঘরের মধ্যে তবলা বাজলে তো মেয়ে বসে থাকবে না। এ কারণেই বাবার আগ্রহে গানের তালিম নেওয়া শুরু করেন তিনি। তবে সম্পা দাসের গুরুর তালিকাটাও লম্বা। বললেন, ‘আমার শুরুটা হয়েছিল ১৯৯১ সালে ছায়ানট সংগীত বিদ্যায়তন দিয়ে। সন্জীদা খাতুনের তত্ত্বাবধানে অনেক গুণী শিল্পীর কাছে সংগীতের তালিম নিয়েছি। এ তালিকায় আছেন সংগীতশিল্পী নীলুফার ইয়াসমীন, খায়রুল আনাম শাকিল, সুমন চৌধুরী। এখনো কিন্তু আমার শেখা শেষ হয়নি। আমি প্রতিনিয়ত চর্চা করছি।’
তবে কথা প্রসঙ্গে জানালেন, শুধু চর্চাই নয়, রীতিমতো গবেষণা করছেন জাতীয় কবিকে নিয়ে। বললেন, ‘আমি কাজী নজরুল ইসলামকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। এ জন্য দিনরাত কাজ করছি। এরই মধ্যে তাঁর অসংখ্য গান ও কবিতা ইংরেজিতে অনুবাদ করেছি। সেগুলোর সুর অবিকৃত রেখে ইংরেজিতে গেয়েছি। খুব তাড়াতাড়ি ইংরেজি গানের অ্যালবাম বের করব।’
এখানেই থেমে নেই সম্পা দাস। জাতীয় কবিকে নিয়ে দুটি বইও প্রকাশ করেছেন। তাঁর লেখা প্রথম বই একি মধু শ্যাম বিরহে, প্রকাশিত হয়েছে ২০১২ সালে। ঠিক পরের বছরই বেরিয়েছে আরও একটি বই। এখন লিখছেন সুরতত্ত্ব ও পিয়াসী নজরুল নামে একটি বই। আর ২০১৪ সালেই বেরিয়েছে নজরুলের গান নিয়ে তাঁর প্রথম অ্যালবাম কোথায় ঘনশ্যাম।
গবেষণার ফাঁকে ফাঁকে নিয়মিত গানের শো করেন। টিভি চ্যানেল তো বটেই, বিভিন্ন অনুষ্ঠানেও গাইতে যান তিনি। গান শুনে কারও প্রশংসার পাশাপাশি যখন কোনো পরামর্শ আসে, সেটাই খুব সাদরে গ্রহণ করেন সম্পা।
বললেন, ‘আমার চাওয়া একটাই, নজরুলকে মানুষ জানুক। সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক আমাদের জাতীয় কবি। এ জন্য নিরলস চেষ্টা করে যাচ্ছি।’
সম্পা দাস লালমাটিয়া মহিলা কলেজে শিক্ষকতা করছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজকর্ম বিভাগে। আর পিএইচডি করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এত কিছুর ভিড়ে তাঁর সবকিছুই নজরুলকে ঘিরে। সারা দিনের ব্যস্ততার মাঝে যতটুকু সময় আছে, তা সবই নজরুলের জন্য। বললেন, ‘আমি খুবই কম ঘুমাই। চেষ্টা করছি জাতীয় কবির সৃষ্টি ও কর্ম সবার মাঝে ছড়িয়ে দিতে। এই চেষ্টাটা আমি মৃত্যুর আগ পর্যন্ত করে যাব।’