‘বাঙালি চেতনার অন্যতম উদ্বোধক কাজী নজরুল ইসলাম। নজরুলের সাহিত্যিক ও সামাজিক ভূমিকা বাংলায় এবং উপমহাদেশের উভয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রান্তীয় মানুষকে তিনি তাঁর সৃষ্টির কেন্দ্রে নিয়ে এসেছেন।’বাংলা একাডেমী গতকাল একাডেমীর প্রেস ভবনের সৈয়দ ওয়ালীউল্লাহ্ সভাকক্ষে ‘নজরুল: জীবন ও সাহিত্যের যুগলবন্দী’ শীর্ষক একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। একক বক্তব্য দেন অধ্যাপক শান্তনু কায়সার। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম।অনুষ্ঠানে শান্তনু কায়সার বলেন, ‘নজরুল ব্যক্তি ও গণবেদনার অমর রূপকার। সাম্য, শান্তি ও মানবতার এই কবির দর্শন ১৯৭১ সালে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ বাঙ্ময় করে তোলে। বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠা মূলত নজরুলের অসাম্প্রদায়িক প্রত্যয়েরই বাস্তবায়ন।’সভাপতির বক্তব্যে অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম বলেন, ‘নজরুলের গুণকীর্তন নয়, বরং তাঁকে অধ্যয়ন ও অনুধাবন এখন অত্যন্ত প্রয়োজন। নজরুলের চিন্তা ও দর্শন থেকে আজকের তরুণদের শিক্ষা নিতে হবে। কেননা তরুণেরাই পারে অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে নজরুলের মতো নির্ভীক রুখে দাঁড়াতে।’সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুজিত মোস্তফা, রাহাত আরা গীতি, আফরোজা মিতা, রোকসানা হোসেন ও ইউসুফ আহমেদ খান। ছায়ানটে ‘শিখণ্ডী কথা’ধানমন্ডির ছায়ানট মিলনায়তনে মহাকাল নাট্য সম্প্রদায়ের চলতি প্রযোজনা গবেষণা নাট্য শিখণ্ডী কথার ১৩১তম মঞ্চায়ন হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায়। আনন জামান রচিত ও রশীদ হারুন নির্দেশিত গবেষণামূলক নাটক শিখণ্ডী কথায় হিজড়া সমাজের মানুষদের সুখ-দুঃখ উঠে এসেছে।২০০২ সালের ২৫ সেপ্টেম্বর মহিলা সমিতি মঞ্চে নাটকটির প্রথম প্রদর্শনী হয়। নাটকটির বাংলাদেশ ছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্যে চারটি, পশ্চিমবঙ্গের কলকাতায় চারটি ও দক্ষিণ দিনাজপুরে একটি এবং বিহার রাজ্যের পাটনায় একটি মঞ্চায়ন হয়েছে।একক মূকাভিনয়এই প্রথম দেড় ঘণ্টাব্যাপী একক মূকাভিনয় করবেন নিথর মাহবুব। এই মূকাভিনয় প্রদর্শনীর আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। আজ বৃহস্পতিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাতটায় এই প্রদর্শনী হবে। দেশের সামাজিক প্রেক্ষাপট, বর্তমান পরিস্থিতি, বেকারত্ব থেকে মুক্তির উপায়, ইভ টিজিং—এসব বিষয়কে কেন্দ্র করে এই পরিবেশনা সাজানো হয়েছে।ভেনিস বিয়েনালইতালিতে অনুষ্ঠেয় ‘ভেনিস বিয়েনাল’-এ এবার বাংলাদেশের শিল্পীদের প্যাভিলিয়ন উৎসর্গ করা হচ্ছে শিল্পী এস এম সুলতানের নামে। আগামী ১ জুন থেকে ভেনিসে শুরু হচ্ছে এই দ্বিবার্ষিক আন্তর্জাতিক শিল্পকলা প্রদর্শনী। এটি ৫৫তম আয়োজন। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। এবার বাংলাদেশের আট শিল্পী ভেসিন বিয়েনালে অংশ নিচ্ছেন।গতকাল বুধবার ভেসিন বিয়েনালে বাংলাদেশের শিল্পীদের অংশগ্রহণ উপলক্ষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বিয়েনাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ বিশ্বাস।এবার বাংলাদেশের শিল্পী মোখলেসুর রহমান, মাহবুব জামাল, এ কে এম জাহিদুল মুস্তাফা, অশোক কর্মকার, লালা রুখ সেলিম, উত্তম কুমার কর্মকার, ঢালী আল মামুন ও ইয়াসমিন জামান প্রদর্শনীতে অংশ নিচ্ছেন। বাংলাদেশ প্যাভিলিয়নে শিল্পীরা ‘অতিপ্রাকৃতিক’ বিষয়নির্ভর স্থাপনাশিল্প রচনা করবেন। বাংলাদেশ প্যাভিলিয়নের কমিশনার ও কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ফ্রান্সেসকো এলিসেই। এবারের বিয়েনালে ৮৮টি প্যাভিলিয়ন থাকবে। খবর তথ্য বিবরণীর।মৃণাল সেনকে নিয়ে আলোকচিত্র প্রদর্শনীকলকাতা প্রতিনিধি জানান, প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের ৯১তম জন্মদিন ছিল গত মঙ্গলবার। এ উপলক্ষে সন্ধ্যায় কলকাতার গোর্কি সদনে আয়োজন করা হয় এক সংবর্ধনা অনুষ্ঠানের। কলকাতার রিঅ্যালটো, ইনস্টিটিউট অব অ্যাকটিং এবং আইজেনস্টাইন ক্লাব যৌথভাবে এই আয়োজন করে। মৃণাল সেনের জন্ম বাংলাদেশের ফরিদপুর শহরে। তাঁর জন্মদিনকে স্মরণে রাখার জন্য এদিন গোর্কি সদনে বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী নাসির আলী মামুনের মৃণাল সেনকে নিয়ে তোলা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। মৃণাল সেন, শিক্ষাবিদ ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, চলচ্চিত্র সমালোচক শমিক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেতা দ্বিজেন বন্দ্যোপাধ্যায় যৌথভাবে প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে মৃণাল সেনকে নিয়ে নাসির আলী মামুনের তোলা ২৪টি ছবি ঠাঁই রয়েছে। প্রদর্শনী চলবে ২৪ মে পর্যন্ত।