নজরুলজয়ন্তীতে ফেরদৌস আরা
নজরুলজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে আজ সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে দেশের জনপ্রিয় নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরার একক সংগীতানুষ্ঠান। এ ছাড়া ২৪ মে শুক্রবার সন্ধ্যা ছয়টায় জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হবে শিল্পীর একক গানের অনুষ্ঠান ‘দাও শৌর্য, দাও ধৈর্য’।জানা গেছে, দুটি অনুষ্ঠানেই ফেরদৌস আরার সঙ্গে থাকবে সুরসপ্তক-এর শিল্পীরা। এ ছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের চুরুলিয়া থেকে বাংলাদেশে প্রথম পদার্পণ দিবসের ১০০ বছরপূর্তিতে ত্রিশালের দরিরামপুর এবং নজরুল বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিল্পী হিসেবে সংগীত পরিবেশন করবেন ফেরদৌস আরা। পাশাপাশি নজরুলজয়ন্তী উপলক্ষে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে ফেরদৌস আরার একক বেশ কয়েকটি সংগীতানুষ্ঠান। এর মধ্যে দেশ টিভিতে ২৪ মে রাত সাড়ে ১১টায় কলের গানে অংশ নিয়ে ভক্ত-অনুরাগীদের ফোনে ভালো লাগা-ভালোবাসার কথা জানাবেন তিনি।২৫ মে রাত নয়টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে সুইজারল্যান্ডে চিত্রায়িত ফেরদৌস আরার একক নজরুলসংগীতের অনুষ্ঠান। ওই দিন চ্যানেল আই নজরুল মেলায় প্রকাশিত হবে শিল্পীর একক অডিও ও ভিডিও সিডি। মোড়ক উন্মোচন করবেন দেশের বিশিষ্টজনেরা। এ ছাড়া ২৫ মে বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, এনটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হবে ফেরদৌস আরার একক নজরুলসংগীতের অনুষ্ঠান।