নজরুলজয়ন্তী ও ‘বিদ্রোহী’র ৯০ বছর
২৫ মে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার ৯০ বছর পূর্তি এবং তাঁর ১১৩তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল এক সভা বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার হলে অনুষ্ঠিত হয়।তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সভায় সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, জাতীয় সংসদ সদস্য আলী রেজা, তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সংস্কৃতিসচিব সুরাইয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ মে সকালে মূল অনুষ্ঠান উদ্বোধন। এতে ভারত প্রজাতন্ত্র্রের লোকসভার স্পিকার মীরা কুমার সম্মানিত অতিথি থাকবেন। দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে। বিভিন্ন টিভি চ্যানেল এবং বেতারকেন্দ্রও অনুষ্ঠানটি সম্প্রচার করবে।