
টানা দাবদাহের পর গতকাল রোববার সকাল থেকেই মেঘলা ছিল রাজধানীর আকাশ৷ দুপুরের আগেই ঝমঝম বৃষ্টি৷ মেঘমেদুর পরিবেশেই উদ্যাপিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনের উৎসব৷ রাজধানীসহ সারা দেশেই কবির জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয়েছিল আলোচনা, গান, আবৃত্তি, নৃত্য দিয়ে সাজানো অনুষ্ঠান৷
রাজধানীতে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদসংলগ্ন নজরুল সমাধিসৌধে নামে কবিভক্তদের ঢল৷ôভোর পৌনে ছয়টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর কবির প্রতি শ্রদ্ধা জানান। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কবির নাতিন খিলখিল কাজী ও কবি পরিবার এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বিভিন্ন হল, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমী, নজরুল ইনস্টিটিউট, নজরুল একাডেিম, জাতীয় জাদুঘর, কেন্দ্রীয় গণগ্রন্থাগারসহ পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন জাতীয় কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানায়।
শিল্পকলা একাডেমী: নজরুলজয়ন্তী উপলক্ষে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানমালার অংশ হিসেবে শিল্পকলা একাডেমী গতকাল সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। আলোচক ছিলেন কথাসাহিত্যিক রশীদ হায়দার। পরে ছিল কবির গান ও কবিতা আবৃত্তি দিয়ে সাজানো সাংস্কৃতিক অনুষ্ঠান৷
নজরুল ইনস্টিটিউট: নজরুলজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল ইনস্টিটিউট। সকালে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারে গণগ্রন্থাগার অধিদপ্তর ও ইনস্টিটিউটের যৌথ আয়োজনে বইয়ের আড়ং উদ্বোধন করা হয়। ৩১ মে পর্যন্ত চলবে এই বইমেলা। বিকেলে ইনস্টিটিউট মিলনায়তনে ছিল আলোচনা. প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান৷
নজরুল একাডেমির আয়োজন: জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে নজরুল একাডেমি। গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ছিল উদ্বোধনী অনুষ্ঠান। এতে শিল্পী এম এ মান্নানকে নজরুল একাডেিম পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে নজরুল একাডেমি পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়৷ উদ্বোধনী আয়োজনে অংশ নেন স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পীরা।
ছায়ানট: ছায়ানটের দুই দিনব্যাপী নজরুল উৎসবের সমাপনী দিনে গতকাল তাদের মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়েছিল সংগঠনের শিল্পীদের ‘শুভ্র সমুজ্জ্বল হে চির নির্মল’ গানটি দিয়ে। পরে ছিল ‘এসো হে সজল শ্যামল ঘন দেয়া’ গানের সঙ্গে সমবেত নৃত্য। অনুষ্ঠান সাজানো হয়েছিল একক ও সমবেত গান, আবৃত্তি ও নৃত্য দিয়ে।
ঢাকার বাইরে আমাদের অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ময়মনসিংহ: দরিরামপুর হাইস্কুলে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত৷ সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷ অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তৃতা করেন কবি মুহাম্মদ নূরুল হুদা৷
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েও তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে৷ গতকাল বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর৷ সভাপতি ছিলেন বিশ্বাবিদ্যালয়ের উপাচার্য মোহীত উল আলম।
কুমিল্লা: নজরুলের স্মৃতিবিজড়িত কুমিল্লায় জাতীয় অনুষ্ঠান করার দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা৷ জেলা শিল্পকলা একাডেমীতে কবির জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী উৎসবের অনুষ্ঠানে বক্তারা এ দাবি জানান৷
মানিকগঞ্জ: কবিপত্নী প্রমীলা দেবীর জন্মভিটা মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা গ্রামে কবির প্রতিকৃতিতে জেলা প্রশাসন, নজরুল-প্রমীলা ইনস্টিটিউট ও নজরুল-প্রমীলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়৷ বিকেলে কবির স্মৃতিবিজড়িত তেওতা জমিদারবাড়ির কাছরি প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
বগুড়া: ‘আমরা কজন শিল্পী গোষ্ঠী’ বগুড়া শহরের পৌর উদ্যানসংলগ্ন অস্থায়ী কার্যালয়ে ‘প্রভাত বীণা তব বাজে’ শীর্ষক আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে৷ প্রথম পর্বের আলোচনা সভায় নজরুল দর্শন ও কবির সৃষ্টিকর্ম নিয়ে আলোচনা এবং দ্বিতীয় পর্বে নৃত্য, আবৃত্তি ও গীতি-আলেখ্য পরিবেশিত হয়৷