চ্যানেল আইতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘কেবা আপনা কেবা পর’। এটি রচনা করেছেন শিল্পী সরকার, পরিচালনা করেছেন নরেশ ভূঁইয়া। নাটকে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ। গতকাল তাঁর সঙ্গে যখন কথা হলো, তখন তিনি রমনা পার্কে।রমনা পার্কে কী করছেন?একটি নাটকের শুটিং হচ্ছে। নাম জবের ব্যাপার। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে ঢাকায় এসেছি। গাবতলীতে বাস থেকে নামার পরই ছিনতাইকারীর কবলে পড়ি। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। রমনা পার্কেও কিছু কাজ হচ্ছে। নাটকটি পরিচালনা করছেন শিমুল সরকার।‘কেবা আপনা কেবা পর’ নাটকের কথা বলুন।এই নাটকে আমি রিকশা চালাই। খুবই সহজসরল। গ্রামের এক বিধবা মেয়েকে বিয়ে করেছি। স্ত্রী (গোলাম ফরিদা) আর সন্তান নিয়ে সংসার ভালোই চলছিল। এদিকে আমার ভালোমানুষ পরিচয়ের সুযোগ নেয় চোরাকারবারিরা। তারা আমার রিকশায় অবৈধ জিনিসপত্র আনা-নেওয়া করে। আমিও ভয়ে কিছু বলি না। একদিন হঠাৎ আমাকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। নাটকটির কাজ কোথায় করেছিলেন?আমার অংশটি পুবাইলের এক গ্রামে। ওখানে কাজ করার সময় দারুণ মজা হতো। আমরা যেখানে কাজ করতাম, সেখানে তেঁতুলের একটা বড় গাছ ছিল। আমরা গাছ থেকে তেঁতুল পাড়তাম। কোথা থেকে এক মহিলা এসে হাজির। জানাল, তিনি ৫০০ টাকা দিয়ে এই গাছের তেঁতুল কিনেছেন। শুনে আমরা অবশ্য টাকা দিতে চেয়েছিলাম। এরপর যে কদিন ওখানে কাজ হয়েছে, সব সময় ওই মহিলা তেঁতুল গাছটি পাহারা দিয়েছেন।নতুন আর কী কাজ করছেন?নজরুলজয়ন্তী উপলক্ষে একটি নাটকে অভিনয় করছি। নজরুলের ‘বাঁধনহারা’র অংশবিশেষের ছায়া অবলম্বনে নাটকটি তৈরি করছেন নাহিদ আহমেদ। নাটকটির নাম বিনু। এতে আমার সঙ্গে অভিনয় করছেন অপি করিম। আজ মানিকগঞ্জের কইট্টাতে এই নাটকের কাজ হবে। কাল হবে ধানমন্ডিতে। আর চলচ্চিত্র?মোরশেদুল ইসলামের আমার বন্ধু রাশেদ ছবির ডাবিং চলছে ধ্বনি চিত্রে। দু-এক দিনের মধ্যে আমার অংশটি শেষ হবে। এ ছাড়া বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের এন রাশেদ চৌধুরী তো চলচ্চিত্র তৈরি করে; এবার তিনি নাটক তৈরি করছেন। নাম আমি শুধু একটি খুন করতে চেয়েছিলাম। ওটাতে কাজ করব। বিনোদন প্রতিবেদক