দেশ টিভিতে ‘কল-এর গান’ অনুষ্ঠানের আজকের শিল্পী কনা। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর সঙ্গে যখন কথা হলো, জানালেন এই অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।‘কল-এর গান’ অনুষ্ঠানের জন্য প্রস্তুতি কেমন?ভালো। নিজের গানগুলোই করব। প্রায় আড়াই ঘণ্টা গান গাওয়ার সুযোগ পাব। নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত আর আমার পছন্দের পুরোনো কিছু গান করার ইচ্ছা আছে।তা হলে আজ আপনাকে অনেকটা সময় একা গান করতে হবে?বলতে পারেন, একটা ভালো সুযোগ পেয়ে গেলাম। ঈদের সময়ও এমন সুযোগ পেয়েছিলাম। কিন্তু আরটিভির অনুষ্ঠানের আকর্ষণ বাড়াতেই রোমানাকে সঙ্গে নিয়েছিলাম। উপস্থাপনা করেছিলেন মীর সাব্বির। আর একুশে টিভিতে আমার সঙ্গে ছিলেন এলিটা ও কিশোর। তবে চ্যানেল টোয়েন্টিফোরে একাই গান গেয়েছি। ‘সিম্পলি কনা’ এসেছিল গত বছর রোজার ঈদে। এরপর কিছু ভেবেছেন?এবার করব নজরুলসংগীতের অ্যালবাম। আমি কিন্তু নজরুল একাডেমীতে নয় বছর নজরুলসংগীতের ওপর প্রশিক্ষণ নিয়েছি। সিম্পলি কনা অ্যালবামে নজরুলের একটি গান গেয়েছিলাম: ‘প্রিয় যাই যাই বোলো না’। অনেক প্রশংসা পেয়েছি।কাজ কবে শুরু করবেন?সপ্তাহ দুয়েকের মধ্যেই। সংগীতায়োজনের ব্যাপারে বাপ্পা মজুমদারের সঙ্গে আলোচনা হয়েছে। প্লেব্যাকের খবর কী?চলচ্চিত্রের গান নিয়েই এখন আমি বেশি ব্যস্ত। শুধু রোজার মধ্যে নয়টি ছবিতে গান গেয়েছি। আর ঈদের পর গেয়েছি একটি ছবিতে। এভাবে চলতে থাকলে সামনে নিজের নতুন অ্যালবামের কথা আর ভাবতে হবে না। কারণ, চলচ্চিত্রের অ্যালবাম এখন দারুণ জনপ্রিয় হচ্ছে। শ্রোতারা নতুন গান পাচ্ছেন। এবার ঈদের আগে বেরিয়েছে তুমি সন্ধ্যার মেঘমালা ছবির অ্যালবাম। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ। তিনি গান করেছেন। আমিও গেয়েছি।