নজরুলসংগীতের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খায়রুল আনাম শাকিল, শাহীন সামাদ ও ফাতেম-তুজ-জোহরা—সবাই নজরুলসংগীতের শিল্পী। এবার তাঁরা গেয়েছেন রবীন্দ্রসংগীত। তাঁদের সঙ্গে থাকবেন নজরুল গবেষক রফিকুল ইসলাম। কাল পঁচিশে বৈশাখ, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এ উপলক্ষে আজ রাত সাড়ে ১১টায় চ্যানেল আইয়ে প্রচারিত হবে অনুষ্ঠান ‘তোমার প্রিয় নাম’। অনুষ্ঠানটি উপস্থাপনা ও প্রযোজনা করেছেন মৌসুমী বড়ুয়া। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মধ্যে যে চমত্কার সম্পর্ক ছিল, তার ছোঁয়া পাওয়া যায় তাঁদের গান, কবিতা এবং বিভিন্ন সাহিত্যকর্মে। আমরা সেই দিকটিই তুলে ধরতে চেয়েছি; তবে একটু ভিন্নভাবে। এবার রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের তেমনি কিছু গান গেয়েছেন নজরুলসংগীতের খুব পরিচিত তিনজন শিল্পী। এই ধারাবাহিকতায় সামনে নজরুলজয়ন্তীতে তেমনি একটি অনুষ্ঠানে নজরুলের গান করবেন রবীন্দ্রসংগীতের শিল্পীরা।’