
‘বাইরে প্রচণ্ড বৃষ্টি, আমি একটা বৃষ্টির গান গাইব।’ হারমোনিয়ামের রিডে হাত রেখে বললেন নজরুলসংগীতশিল্পী খালিদ হোসেন। দর্শক-শ্রোতারা মিলনায়তনে বসেই অনুভব করলেন বাইরের বৃষ্টির ছন্দ। কবির বৃষ্টির গান ‘রিম্ ঝিম্ রিম্ ঝিম্ ঝিম্ ঘন দেয়া বরষে’র মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ নজরুলসংগীত সংস্থার অনুষ্ঠান। এই গানটির আগে মঞ্চে এসে নজরুলসংগীত সংস্থার শিল্পীরা সমবেত কণ্ঠে গেয়ে শোনান ‘সঙ্ঘ-শরণ-তীর্থ যাত্রাপথে এসো মোরা যাই’ গানটি।
জাতীয় কবির ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্থাটি আয়োজন করেছিল নজরুল উৎসব। গতকাল বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর নাট্যশালার মূল মিলনায়তনে উৎসব ও নজরুলকে নিয়ে মঞ্চে কথা বলেন সংস্থাটির সভাপতি খালিদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল আনাম শাকিল। খায়রুল আনাম প্রত্যাশা ব্যক্ত করেন, শুধু জন্ম-মৃত্যুবার্ষিকীতেই নয়, সারা বছরই মানুষের মধ্যে নজরুলের গান ছড়িয়ে দেওয়ার চেষ্টা থাকবে তাঁদের।
উৎসবে নজরুলের গান শোনান এক ঝাঁক শিল্পী। এগুলোর প্রায় সবই একক গান। এ ছাড়া ‘চুড়ির তালে নুড়ির মালা রিণি ঝিণি বাজে’ গানের সঙ্গে নাচ করেন সামিনা হোসেন, ‘আমি যার নূপুরের ছন্দ’ গানের সঙ্গে ছিল নৃত্যমের দলগত নাচ। নজরুলের লেখা ‘কামালপাশা’ কবিতাটি আবৃত্তি করেন সীমা ইসলাম এবং ‘আয় রে আবার আমার চির তিক্ত প্রাণ’ আবৃত্তি করেন সুমনা বিশ্বাস।