‘নজরুল একদিকে ইসলামি গান লিখেছেন, অন্যদিকে ভজন-কীর্তন ও শ্যামাসংগীত রচনা করেছেন। বিশ্বজুড়ে এখন অস্থিরতা। বাংলাদেশেও সাম্প্রদায়িকতা মাথাচাড়া দিয়ে উঠছে। এ সময় নজরুল আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন।’
‘নজরুলসংগীত, নাটক ও চলচ্চিত্রে অসাম্প্রদায়িক চেতনা’ শীর্ষক এক আলোচনায় সংগীতজ্ঞ সুধীন দাশ বলেন এসব কথা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আয়োজিত তিন দিনের উৎসবের দ্বিতীয় দিনে গতকাল ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই ছিল এই আলোচনা পর্ব।
আলোচনায় কবির নাতনি খিলখিল কাজী বলেন, নজরুল গণমানুষের কবি। সমাজে যত দিন অন্যায়-অবিচার থাকবে, নজরুলের রচনাও প্রাসঙ্গিক থাকবে। আরও আলোচনা করেন চলচ্চিত্র গবেষক অনুপম হায়াৎ, শিল্পী লীনা তাপসী খান৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল গবেষক অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। সঞ্চালনা করেন রেজাউদ্দিন স্টালিন। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল সংগীত, নৃত্য ও কবিতা আবৃত্তি।