নজরুলের আলোকচিত্র নিয়ে তৈরি হচ্ছে অ্যালবাম
এবার কাজী নজরুল ইসলামের নানা আলোকচিত্র নিয়ে অ্যালবাম প্রকাশ করছে নজরুল ইনস্টিটিউট। অ্যালবামের নাম দ্য রেবেল পোয়েট নজরুল। জানা গেছে, এই অ্যালবামে থাকছে কাজী নজরুল ইসলামের বিভিন্ন বয়সের ছবি, তাঁর সৈনিকজীবন, পরিবার, সংসার ও সংগীতজীবন এবং তাঁর অসুস্থ হওয়ার পরের ছবি। আরও আছে তাঁকে বাংলাদেশে নিয়ে আসা, নাগরিকত্ব দেওয়া, একুশে পদক দেওয়াসহ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান ও চুরুলিয়ার ছবি, বাংলাদেশে নজরুলের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানের ছবি, নজরুলের ব্যবহূত পোশাক ও জিনিসপত্রের ছবি, নজরুলের হস্তাক্ষর, নজরুলকে নিয়ে ডাকটিকিট, নজরুলের বিভিন্ন গ্রামোফোন রেকর্ডের ছবি, নজরুলের সমাধির তিনটি নকশার ছবি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুলজয়ন্তী উদ্যাপনের ছবি, নজরুলের জন্মশতবর্ষের ছবি। নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্টালিন জানান, ২৪ ও ২৫ জুন ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘আন্তর্জাতিক নজরুল সম্মেলন’। এই সম্মেলনে দ্য রেবেল পোয়েট নজরুল অ্যালবামটি প্রকাশ করা হবে। এখানে থাকছে দুই শতাধিক আলোকচিত্র। আন্তর্জাতিক মানের এই অ্যালবামের দাম রাখা হচ্ছে এক হাজার ৫০০ টাকা।