নজরুলের কাছাকাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছায়ানটে শিল্পীদের নজরুলসংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো
ছায়ানটে শিল্পীদের নজরুলসংগীত পরিবেশনা l ছবি: প্রথম আলো

শিল্পী প্রিয়াংকা গোপ যখন গাইছিলেন ‘সে চলে গেছে বলে কি গো তার স্মৃতিও হায় যায় ভোলা’, তখন নজরুল উৎসবে ছায়ানটের মিলনায়তনভর্তি শ্রোতা নিশ্চয়ই স্মরণ করছিলেন নজরুলকে। কিন্তু কেন মনে করব নজরুলকে? জাতীয় কবি বলে? এত বছর পরও কেন পড়ব নজরুল? নজরুল কি আজও প্রাসঙ্গিক?
একটু আগেই নজরুল স্মারক বক্তৃতা দিতে গিয়ে প্রশ্নগুলো করছিলেন সুমন সাজ্জাদ। খানিক বাদে নিজেই দিলেন উত্তর, যদি দ্বিধাবিভক্ত বাংলাদেশে রাষ্ট্র ও জনগণের সম্পর্ক মনে করাতে হয়, তবে নজরুলের কাছেই ফিরতে হবে। একই সঙ্গে দ্রোহ আর প্রেম আর কেই বা দিতে পারেন আমাদের?
নজরুলজয়ন্তী উপলক্ষে ছায়ানট আয়োজিত নজরুল উৎসবের সমাপনী দিন ছিল গতকাল শনিবার। সন্ধ্যায় শুরু হয় অনুষ্ঠান। সুমন সাজ্জাদ বলে চলেন, ‘আজ কোনো লেখক এক্টিভিস্ট হলে আমরা বেশ বাহবা দিই, কিন্তু আমরা ভুলে যাই নজরুলের কথা। নজরুল হলেন সেই কবি, যিনি জেল খেটেছেন, যাঁর বই নিষিদ্ধ করা হয়েছে, যিনি অন্যায়ের প্রতিবাদ করতে নিয়েছিলেন সাংবাদিকের ভূমিকাও।’
সমাপনী দিনটির সূচনা হয়েছিল দুটি সম্মেলক গানের মধ্য দিয়ে—‘আমি ভাই ক্ষ্যাপা বাউল’, ‘রুমঝুম রুমঝুম কে বাজায়’। স্মারক বক্তৃতার পর একে একে গীত হতে থাকে আরও কত নজরুলসংগীত! ‘কেউ ভোলে না, কেউ ভোলে’, ‘সখী বলো বঁধুয়ারে নিরজনে’, ‘ওই ঘরভোলানো সুরে’, ‘তুমি হাতখানি যবে’, ‘নিরালা কানন পথে’, ‘থৈ থৈ জলে ডুবে গেছে পথ’, ‘ছাড় ছাড় আঁচল’, ‘একাদশীর চাঁদ রে ঐ রাঙা মেঘের পাশে’, ‘সাঁঝের পাখীরা ফিরিল কুলায়’। গান চলতে থাকে। সময় বইতে থাকে। নতুন শ্রোতাদের আগমন ঘটতে থাকে। গানের রেশ তাঁদের নিয়ে চলে নজরুল ইসলামের আরও কাছে।