নজরুলের গান নিয়ে'বেণুকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জয়ন্তী উপলক্ষে বেঙ্গল ফাউন্ডেশন শিল্পী খায়রুল আনাম শাকিলের গাওয়া গান নিয়ে প্রকাশ করেছে নজরুলের গানের অ্যালবাম বেণুকা। গতকাল শুক্রবার সন্ধ্যায় বেঙ্গল শিল্পালয়ে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন সংগীতজ্ঞ সুধীন দাশ।
এই অ্যালবামে ১৩টি গান রয়েছে। এর মধ্যে আছে ‘তোমারি আঁখির মত আকাশের দুটি তা’রা’, ‘মুসাফির, মোছ রে আঁখি জল’, ‘বেণুকা ওকে বাজায় মহুয়া বনে’, ‘চৈতালী চাঁদিনী রাতে’, ‘চোখ গেল চোখ গেল’, ‘পিউ পিউ বিরহী পাপিয়া বোলে’, ‘আজি নন্দ-দুলালের সাথে’, ‘নীলাম্বরী শাড়ী পরি’ গানগুলো। বৃষ্টিস্নাত সন্ধ্যায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে শিল্পী শ্রোতাদের গান গেয়ে শোনান।
আজ শুরু হচ্ছে‘উত্থানপর্ব’
বেঙ্গল গ্যালারির আয়োজনে আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘ঢাকা প্রিন্টমেকার্স’-এর পাঁচজন শিল্পীর ‘উত্থানপর্ব’ শীর্ষক ছাপচিত্র প্রদর্শনী। সন্ধ্যা ছয়টায় ১২ দিনের এ প্রদর্শনীর উদ্বোধন করবেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস।

গতকাল শুক্রবার দুপুরে বেঙ্গল গ্যালারিতে প্রদর্শনী উপলক্ষে সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিল্পী রোকেয়া সুলতানা, আহমদ নাজির, রফি হক, রশীদ আমিন, মুস্তাফা জামান এবং বেঙ্গল গ্যালারির পরিচালক সুবীর চৌধুরী বক্তব্য দেন। প্রদর্শনীতে ৪৫টি শিল্পকর্ম রয়েছে। এটি চলবে ১৯ জুন পর্যন্ত।

ছায়ানটে শ্রোতার আসর

নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গতকাল সন্ধ্যায় ছায়ানটে বসেছিল শ্রোতার আসর। ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত এ আসরে কাজী নজরুল ইসলামের গান পরিবেশন করেন মানস কুমার দাস, নাসরীন জাহান ও অভিজিৎ কুণ্ডু।

দ্য গ্রেট সাগা অব নেচার

গ্যালারি শিল্পাঙ্গনে গতকাল থেকে শুরু হলো তরুণ শিল্পী ওয়ারিয়র রহমানের একক চিত্রকর্ম প্রদর্শনী। ‘দ্য গ্রেট সাগা অব নেচার’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী হামিদুজ্জামান খান। এটি শিল্পীর প্রথম একক চিত্রকর্ম প্রদর্শনী।

 প্রদর্শনীতে শিল্পকর্ম রয়েছে ৩৬টি। একটি অ্যাক্রিলিকের। এ ছাড়া সব কাজই তিনি করেছেন জলরঙে। মানুষ ও প্রকৃতি, বিশেষ করে আবহমান বাংলার লোকজ উপাদান প্রাধান্য পেয়েছে শিল্পীর সৃজনকর্মে। ছবিগুলোতে গ্রামবাংলার নিসর্গ, ফুল, লতা-গুল্ম, নদী, নৌকা, পার্বত্য অঞ্চলের নিসর্গ, ঘরবাড়ি ইত্যাদি উঠে এসেছে।

ওয়ারিয়র রহমান রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি নিয়েছেন। চীন সরকারের বৃত্তি নিয়ে তিনি এ বছরই সে দেশে যাচ্ছেন স্নাতকোত্তর ডিগ্রি নিতে। প্রদর্শনী ১৬ জুন পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। 

গান কবিতার যুগলবন্দী

গান ও কবিতার যুগলবন্দী পরিবেশনা ছিল গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে। ‘রবিঠাকুরের অজর কবিতা অবিনাশী গান’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন স্বরবৃত্ত। অনুষ্ঠানে গান শোনান শিল্পী মকবুল হোসেন আর আবৃত্তি করেন রবিশঙ্কর মৈত্রী।

একটি আবৃত্তি, তার পর একটি গান। এভাবেই সাজানো হয় অনুষ্ঠান। কবিতাগুলোর মধ্যে ছিল ‘বাঁশি’, ‘হঠাৎ দেখা’, ‘শেষ বসন্ত ইত্যাদি। গানের মধ্যে ছিল ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’, ‘হার মানা হার পরাব’, ‘তুমি কি কেবলি ছবি’ ও ‘আজ শ্রাবণের আমন্ত্রণে’।