নজরুলের গান নিয়ে চার চলচ্চিত্র নির্মাতা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংগীতশিল্পী ফেরদৌস আরা নিয়ে আসছেন চারটি গানের ভিডিও। এই গানগুলোর ভিডিও নির্মাণ করেছেন গুণী চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ, মতিন রহমান, সোহানুর রহমান সোহান ও এ সময়ের নির্মাতা সোহেল আরমান। সম্প্রতি ঢাকায় গানগুলোর ভিডিওচিত্রের ধারণকাজ সম্পন্ন হয়।
চ্যানেল আইয়ের উদ্যোগে নির্মিত হয়েছে গানের এই ভিডিওগুলো। এই ভিডিও চারটি নিয়ে একটি একক অনুষ্ঠানের পরিকল্পনাও করা হয়েছে। চার নির্মাতার ভিডিও নির্মাণের বিষয়টি জানাতে গতকাল বৃহস্পতিবার চ্যানেল আইয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে শিল্পী, নির্মাতা ও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নজরুলসংগীতের চারটি গানের ভিডিও নিয়ে ফেরদৌস আরার একক সংগীতের এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অনন্যা রুমা। ২৭ আগস্ট রাতে চ্যানেল আইতে অনুষ্ঠানটি প্রচারিত হবে।