কাজী নজরুল ইসলামের গান নিয়ে কাজ করছে অগ্নিবীণা। হারমোনিয়াম কিংবা তবলা নয়, বাদ্যযন্ত্র হিসেবে তাদের গানের সঙ্গে আছে পাশ্চাত্যের আধুনিক সব বাদ্যযন্ত্র। এমনি ফিউশন ধাঁচের গান নিয়ে এসেছে অগ্নিবীণার প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামের নাম অগ্নিবীণা। ২৫ মে নজরুলজয়ন্তীতে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে।
অগ্নিবীণা অ্যালবামে আছে আটটি গান। আছে ‘শাওনও রাতে যদি’র মতো কোমল ধাঁচের গান, তেমনি আছে রণ সংগীত ‘চল চল চল’। রয়েছে ভাটিয়ালি গানও।
অগ্নিবীণার কণ্ঠশিল্পী আবিদ আহসান বলেন, ‘অগ্নিবীণা আমাদের প্রথম উদ্যোগ। সব বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে গানগুলো করেছি। নজরুলের গানকে এ প্রজন্মের কাছে তাদের মতো করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। শুধু নজরুলের গান নিয়েই সামনে আরও চারটি অ্যালবাম করার পরিকল্পনা আছে আমাদের।’
তিনি আরও জানান, অ্যালবামটি অনলাইনে কেনার ব্যবস্থা রাখা হয়েছে। অডিও সিডি ও ডিজিটাল কপি দুটোই পাওয়া যাবে অনলাইনে। Agniveena.com এ ভিজিট করে জানা যাবে অ্যালবাম সংগ্রহের সব তথ্য।