নজরুলের গান বাপ্পার কণ্ঠে
টেলিভিশনের জন্য নির্মিত একটি অনুষ্ঠানে নজরুলসংগীত গাইলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শিরোনামের অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বেও ছিলেন তিনি। গত বৃহস্পতিবার রাতে এসএ টিভির স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়।এ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘টিভির অনুষ্ঠানে নজরুলসংগীত একেবারেই গাওয়া হয় না। যত দূর মনে পড়ছে, বছর চারেক আগে একবার বাংলাভিশনের একটি অনুষ্ঠানে নজরুলসংগীত গেয়েছিলাম। ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানেও কিন্তু প্রথমে গান করব ভাবনায় ছিল না। নজরুলের গানটি করার ব্যাপারটি ছিল একেবারেই হঠাত্ সিদ্ধান্ত।’টিভির অনুষ্ঠানে নজরুলের গান করা প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘নজরুল ও রবীন্দ্রসংগীত সচরাচর গাওয়া হয় না। তবে এসব গান করতে গিয়ে চর্চার অভাবটা খুব অনুভব করি।’ ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানে নজরুলের ‘সুরে ও বাণীর মালা দিয়ে’ গানটি গেয়েছেন বাপ্পা মজুমদার। তিনি জানালেন, ‘নজরুলের গান করতে গিয়ে বারবার মা-বাবার কথা মনে পড়েছে। কারণ, এ ধরনের গান করার সময় বাবা-মা সামনেই বসে থাকতেন। তাঁরা এ ধরনের গানের ভুলত্রুটি ধরিয়ে দিতেন।’ ‘সৃষ্টি সুখের উল্লাসে’ অনুষ্ঠানে নজরুলসংগীতে আরও কণ্ঠ দিয়েছেন কনা, সাব্বির ও কোনাল। এসএ টিভিতে আজ শনিবার রাতে প্রচারিত হবে অনুষ্ঠানটি।