
ঠান্ডায় শিল্পীর গলা বসে গেছে। মঞ্চে উঠেই শ্রোতাদের সে কথা জানিয়ে দিলেন তিনি। গান শুরুর পর অবশ্য সেটা খুব একটা বোঝা যায়নি। নতুন বছর ও শীত উদ্যাপনী সংগীতসন্ধ্যায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে গাইতে এসেছিলেন নজরুলসংগীত শিল্পী ইয়াসমিন মুশতারী।
গান শুরুর আগে শিল্পীকে নিয়ে শংসাবাণী শোনালেন উপস্থিত গুণীজনেরা। এরপরই শুরু হলো গানের আসর ‘শীতের হাওয়ায় লাগলো নাচন’। কণ্ঠশিল্পীর পাশে মঞ্চে ছিলেন বাচিকশিল্পী রণজিৎ বিশ্বাস। রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে তিনি বলতে শুরু করলে শ্রোতারা মুগ্ধ হয়ে তাঁর কথা শোনেন। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আর কদিন বাদেই। সে প্রসঙ্গেই কথা শুরু করেন তিনি। কথার রেশ ধরে ইয়াসমিন মুশতারি গাইলেন বঙ্গবন্ধুকে নিয়ে ‘সাক্ষী থেকো রাতের তারা, সাক্ষী থেকো মৌন ইতিহাস’ গানটি। তারপর আবারও কথা, আবারও গান। কথার একটি বড় অংশজুড়ে ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, গানগুলোও তারই। শিল্পী গেয়ে শোনান ‘সুরের বাণীর মালা দিয়ে’, ‘এত জল ও কাজল চোখে’, ‘হারানো হিয়ার নিকুঞ্জ পথে’, ‘শাওন রাতে যদি’সহ বেশ কয়েকটি গান। গানের ফাঁকে ফাঁকে চলতে থাকে কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন লেখা ও কবিতার অংশ থেকে পাঠ।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল শুভেচ্ছা বক্তব্য ও আলোচনা। আলোচনা করেন নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম। বক্তব্য দেন গীতিকার শহীদুল্লাহ ফরায়েজী, শিল্পী মাসুদ আহমেদ, একাত্তরের কণ্ঠযোদ্ধা শাহীন সামাদ ও ব্যারিস্টার আমীর-উল ইসলাম।
রফিকুল ইসলাম বলেন, ‘কিছুদিন আগেও পশ্চিমবঙ্গে নজরুলের গান বিকৃত সুরে গাওয়া হতো। আশার কথা হচ্ছে, এখন ঢাকার অনুকরণে গাইতে চেষ্টা করছেন তাঁরা।’
অনুষ্ঠানে শিল্পী নার্গিস রহমানের রবীন্দ্রসংগীতের অ্যালবাম ‘এইটুকু ছোঁয়া’র মোড়ক উন্মোচন করা হয়। গানের অনুষ্ঠানটির আয়োজক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী।