নজরুলের গান সিডিতে আনার প্রক্রিয়া আবার শুরু
কাজী নজরুল ইসলামের সুস্থ অবস্থায় লংপ্লেতে (এলপি) বের হয়েছিল প্রায় এক হাজার ৬০০ গান। ১৯৩০ সাল থেকে শুরু করে পরবর্তী ১৫ বছর এই গানগুলো ধারণ করা হয়। বছর কয়েক আগে পুরোনো সেই লংপ্লে থেকে গানগুলো কমপ্যাক্ট ডিস্কে (সিডি) প্রকাশ করার একটা প্রকল্প হাতে নেয় নজরুল ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের সংগ্রহ করা গানগুলোর মধ্য থেকে ৬০০ গান ৩২টি কমপ্যাক্ট ডিস্কে (সিডি) আনা হয়েছে। বাকি আছে এক হাজার গান।নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন জানান, আগামী জুন মাস থেকে বাকি গানগুলো সিডিতে আনার কাজ আবার শুরু হবে। এরই মধ্যে ‘গানের ডালি’ নামের একটি প্রতিষ্ঠানকে এই কাজ শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নজরুল ইনস্টিটিউটের অন্য একটি সূত্রের কাছ থেকে জানা গেছে, হাজারখানেক গানের মধ্য থেকে ৬০০ গান সিডিতে আনা সম্ভব হবে। বাকি এলপিগুলোর অবস্থা এতটাই করুণ যে তা থেকে কিছুই নেওয়া যাবে না। স্ট্যালিন আরও জানান, আগামী দু-এক মাসের মধ্যেই ১০টি করে সিডি প্রকাশ করা হবে। আর শ্রোতাদের জন্য এগুলো বাণিজ্যিকভাবে বাজারজাত করবে গানের ডালি। এখনো ওই প্রতিষ্ঠান প্রথম পর্যায়ের ৩২টি সিডি বাজারজাত করছে।