নজরুলের গানে একাত্ম চার সংগীতশিল্পী
সজীব, কনা, নির্ঝর ও কোনাল—এই প্রজন্মের চার সংগীতশিল্পী। এবারই প্রথম এই চার সংগীতশিল্পী একসঙ্গে একটি টেলিভিশন চ্যানেলের জন্য নজরুলের গান করলেন।এটিএন বাংলার নির্মিত এই অনুষ্ঠানের নাম ‘ভালোবাসো মোর গান’। সম্প্রতি এটিএন বাংলার স্টুডিওতে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।এই চারজনের মধ্যে সজীব নিয়মিতভাবেই নজরুলের গান করে থাকেন। আর অন্য তিনজনকে সবাই চেনেন আধুনিক গানের শিল্পী হিসেবে। তবে সবারই নজরুলসংগীতে কারও না কারও কাছ থেকে তালিম নেওয়া হয়েছে। মাঝেমধ্যে বিভিন্ন অনুষ্ঠানে বিচ্ছিন্নভাবে নজরুলের গানও করেছেন তাঁরা।এ প্রসঙ্গে নির্ঝর বলেন, ‘আমি নজরুল ও শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছি। আমি আর সজীব ভাই দুজনে একসঙ্গে নজরুলসংগীতের একটি অনুষ্ঠানও করেছি। তবে আমাদের চারজনের এ ধরনের অনুষ্ঠান এবারই প্রথম। সবাই আমরা খুবই কাছের এবং বন্ধুর মতো। তাই অনুষ্ঠানটিতে গান করেও বেশ স্বাচ্ছন্দ্যবোধ করেছি। আমার বিশ্বাস, অনুষ্ঠানটি দেখে সবার ভালো লাগবে।’কোনাল বলেন, ‘এটা ঠিক যে নজরুলের গানে আমার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। তবে আমার মা ছিলেন নজরুলসংগীতশিল্পী। মায়ের কাছ থেকে নজরুলসংগীতের তালিম নিয়েছি। চ্যানেল আই সেরাকণ্ঠের এক পর্বে আমি ও আমার মা একসঙ্গে নজরুলের “অঞ্জলি লহ মোর” গানটি গেয়েছিলাম। আমাদের মা-মেয়ের কণ্ঠে সেদিন গানটি শুনে সবাই বেশ প্রশংসা করেছিলেন। গানটি আমার অনেক পছন্দের। “ভালোবাসো মোর গান” অনুষ্ঠানে সেই গানটি করেছি। চেষ্টা করেছি ভালোভাবে গানটি করার।’‘ভালোবাসো মোর গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শম্পা মাহমুদ। আগামী ২৫ মে রাত নয়টা ১০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘ভালোবাসো মোর গান’ অনুষ্ঠানটি।