নজরুলের গানের প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উপলক্ষে নজরুল ইনস্টিটিউট আয়োজন করেছিল ‘নজরুলের গানের প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ’। আবারও সেই আয়োজন করা হয়েছে ১২ বছর পর। জানা গেছে, সারা দেশ থেকে নির্বাচিত নজরুলের গানের ৩৬ জন শিল্পীকে এবার এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তিন মাসের এই প্রশিক্ষণ শুরু হয় এপ্রিল মাসের গোড়ার দিকে। শেষ হবে ২৫ জুন। এখানে গানের ওপর প্রশিক্ষণ দিচ্ছেন সুধীন দাশ, সোহরাব হোসেন, শাহীন সামাদ, সালাউদ্দিন আহমেদ, ইয়াকুব আলী খান, ফেরদৌস আরা, লীনা তাপসী খান ও আহসান মোর্শেদ। তত্ত্বীয় বিষয়গুলো আলোচনা করছেন রফিকুল ইসলাম, করুণাময় গোস্বামী ও খিলখিল কাজী।নজরুল ইনস্টিটিউটের উপপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন বলেন, ‘নজরুলের গানের শুদ্ধ বাণী ও সুরের ওপর তাঁরা প্রশিক্ষণ নিচ্ছেন। এই প্রশিক্ষক তৈরির প্রশিক্ষণ আয়োজনের উদ্দেশ্য হলো, যাতে এই প্রশিক্ষকদের মাধ্যমে সারা দেশে নজরুলের শুদ্ধ বাণী ও সুরের গানগুলো সবাই শিখতে পারে। এর ফলে নজরুলের গানের বাণী ও সুরের বিকৃতি রোধ করা সম্ভব হবে। এখন থেকে নিয়মিত প্রশিক্ষক তৈরির এই প্রশিক্ষণ আয়োজন করা হবে।’তিনি জানান, এখানে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে নগদ ১৫ হাজার টাকা, নজরুলের গানের এক সেট স্বরলিপি ও সনদপত্র দেওয়া হবে। ভবিষ্যতে নজরুল ইনস্টিটিউটের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা হবে তাঁদের।