
ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘রবীন্দ্রনাথের গোরা উপন্যাস চলচ্চিত্রায়ণের সময় নজরুল ইসলাম ছিলেন তাঁর সংগীত পরিচালক। নজরুলের সংগীত পরিচালনা নিয়ে বিশ্বভারতী আপত্তি তুললে তিনি যান রবীন্দ্রনাথের কাছ। সব শুনে রবীন্দ্রনাথ বললেন, “তুই আমার গান না বুঝলে কে বুঝবে?” এ থেকেই বোঝা যায় দুজনের সম্পর্ক কী ছিল।’
রবীন্দ্রনাথের ৭৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল নজরুল ইনস্টিটিউটে ছিল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো অনুষ্ঠানে নজরুলের মাধ্যমেই স্মরিত হলেন রবীন্দ্রনাথ।
সিরাজুল ইসলাম চৌধুরী আরও বলেন, রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যকে সাম্প্রদায়িকতামুক্ত করেছেন। আর নজরুল সেটাকে এগিয়ে নিয়ে ধর্মনিরপেক্ষ করেছেন।
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘রবীন্দ্রনাথ ও নজরুলের জন্ম পশ্চিমবঙ্গে। কিন্তু জীবনের একটা বড় অংশ তৎকালীন পূর্ববঙ্গে না কাটালে আমরা আজকের রবীন্দ্রনাথ-নজরুলকে পেতাম না।’ স্বাগত বক্তব্য দেন নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউদ্দিন স্টালিন।
আলোচনা পর্বটি সমৃদ্ধ হলেও পরের পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রস্তুতির ঘাটতি দেখা গেছে। মঞ্চসজ্জার ব্যাপারেও আয়োজকেরা একটু নজর দিলে অনুষ্ঠানের মান আরও ভালো হতো।
ডালিয়া আহমেদ ‘রবিহারা’ আবৃত্তি করেন। কবিতাটি নজরুল লিখেছিলেন রবীন্দ্রনাথের মৃত্যুর পর। গাওয়া হয় রবীন্দ্রনাথের মৃত্যুর পর নজরুলের লেখা একটি গানও—‘ঘুমাইতে দাও শ্রান্ত রবিরে’।
এ ছাড়া একক পরিবেশনায় ‘জীবন মরণের সীমানা ছাড়ায়ে’, ‘যে রাতে মোর দুয়ারগুলি’, ‘আমার নিশীথরাতের বাদলধারা’, ‘অরূপ তোমার বাণী’ ও ‘তোমার অসীমে’ এবং সমবেত কণ্ঠে ‘বরিষ ধরা মাঝে শান্তির বারি’ গানগুলো গাওয়া হয়।