জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলা একাডেমি গতকাল বিকেলে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। একাডেমির নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে ‘নজরুলের প্রবন্ধ: রাজনৈতিক ভাবনা’ শীর্ষক একক বক্তৃতা দেন অধ্যাপক মাহবুবুল হক। সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. আলতাফ হোসেন।
একক বক্তৃতায় অধ্যাপক মাহবুবুল হক বলেন, প্রাবন্ধিক হিসেবে কবির পরিচয় ফুটে উঠেছে সাংবাদিকতার সূত্রে। সান্ধ্য দৈনিক নবযুগ, অর্ধসাপ্তাহিক ধূমকেতু, সাপ্তাহিক লাঙল ও সাপ্তাহিক গণবাণীতে সমকালে স্বদেশ ও বিশ্বের সাড়া জাগানো ঘটনা ও প্রসঙ্গ নিয়ে অনেক সম্পাদকীয় নিবন্ধ লিখেছেন তিনি। সেগুলোতে তাঁর রাজনৈতিক ভাবনার পরিচয় বিধৃত আছে।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, ‘প্রাবন্ধিক নজরুল তাঁর সাম্যবাদী-অসাম্প্রদায়িক সত্তার প্রকাশ ঘটিয়েছেন তাঁর প্রবন্ধ-নিবন্ধ ও সম্পাদকীয় কলামে। এসব রচনায় যে নির্ভীক-সাহসী-মানবতাবাদী নজরুলের পরিচয় আমরা পাই, তা সমগ্র নজরুলেরই অনিবার্য অংশ।’ সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল আবৃত্তি ও গান।