নজরুলের বেগম সোহানা সাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে নাটক ‘বেগম’। এটি কাজী নজরুল ইসলামের স্বামীহারা গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। নাট্যরূপ দিয়েছেন সাঈদ আহমেদ। পরিচালনা করেছেন কমল চাকমা। সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় নাটকটির শুটিং শেষ হয়েছে। এতে বেগম চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। নাটকে দেখা যাবে, সৈয়দ বংশের ছেলে আজিজ সাধারণ বংশের মেয়ে বেগমকে বিয়ে করেছে। এ জন্য তাদেরকে একঘরে করা হয়। বিত্তবান হওয়ার কারণে সৈয়দ গিন্নী ও আজিজ—কেউই এসবে পরোয়া করে না। বিএ, এমএ পাস করার পর আজিজ আইন বিভাগে ভর্তি হয়। তারপর ফিরে আসে গ্রামে। তখন গ্রামে কলেরা আর বসন্ত মহামারি আকার ধারণ করে। মৃত্যুভয়ে সবাই শহরে চলে যেতে শুরু করে। কিন্তু আজিজ তখন দেশপ্রেম ও মানবপ্রেমের নেশায় গ্রামে থেকে যায়।শেষ পর্যন্ত নিন্দুকদের অভিশাপই সত্য হয়। আজিজ নিজে একদিন আক্রান্ত হয় ওই দুরারোগ্য ব্যাধিতে এবং মাত্র এক রাতের মধ্যে সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে যায় পরপারে। এভাবে কাজী নজরুল ইসলামের স্বামীহারা গল্পকে অনুসরণ করেই ‘বেগম’ নাটকের গল্প এগোতে থাকে। সজল ও সোহানা সাবা ছাড়া ‘বেগম’ নাটকে আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, নারগিস, ফখরুল হাসান বৈরাগী, আমিন আজাদ প্রমুখ।জানা গেছে, ২৫ মে কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় রাত ৯টা পাঁচ মিনিটে দেখানো হবে নাটকটি।