নজরুলের শিউলিমালা হলেন ঈশানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শিউলিমালা’। জিটিভির নিজস্ব প্রযোজনার এ নাটকে শিউলিমালার চরিত্রে অভিনয় করেছেন মৌনতা খান ঈশানা। এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দুই বোন’, ‘কর্মফল’ ও ‘শুভদৃষ্টি’ নাটকে অভিনয় করলেও  এই প্রথমবার তিনি নজরুলের কোনো নাটকে অভিনয় করলেন।

নাটকে অভিনয় প্রসঙ্গে ঈশানা বলেন, ‘এর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কয়েকটি গল্পের নায়িকা হয়েছি, কিন্তু কাজী নজরুল ইসলামের কোনো গল্পের নায়িকা হতে পারিনি। অনেক আগে থেকেই ইচ্ছা ছিল নজরুল ইসলামের গল্পের নায়িকা হওয়ার। প্রস্তাবও পেয়েছি বেশ কয়েকবার; কিন্তু ব্যস্ততার কারণে সময় করে উঠতে পারিনি। এবার সুযোগটা হাতছাড়া করিনি। আর “শিউলিমালা” উপন্যাসটি আমি বেশ কয়েকবারই পড়েছি, তাই কাজটা করা আমার জন্য অনেক সহজ হয়েছে। অনেক যত্ন করে কাজটা করার চেষ্টা করেছি। উপন্যাসের শিউলিমালাকেই টিভি পর্দায় দেখতে পাবেন দর্শক।’

ঈশানা আরও বলেন, ‘নাটকে আমার নায়ক আজহার চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান। রওনক ভাই এবং আমি দুজনই আমাদের চরিত্রকে সাধ্যমতো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘শিউলিমালা’ উপন্যাস অবলম্বনে নাটকটি নাট্যরূপ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ আর পরিচালনা করেছেন কমল চাকমা। ‘শিউলিমালা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশানা, রওনক হাসান, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে।

‘শিউলিমালা’ নাটকটি ২৫ মে শনিবার রাত আটটা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচারিত হবে।