নজরুলের সুরে ও বাণীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে পৌঁছাই রায়েরবাজারের ১৫৬ নম্বর বাড়িটায়। সিঁড়ি ভেঙে ওপরে উঠতে উঠতেই কানে ভেসে এল তানপুরার সুরেলা ধ্বনি। বৃষ্টির টুপটাপ শব্দ আর তানপুরার ধ্বনির সঙ্গে কারও গলা সাধার সুর মিলেমিশে মুহূর্তেই নতুন ঐকতানের সৃষ্টি করল যেন। কলবেল চাপতেই একটু পর দরজা খুলে দিলেন যিনি, একটু আগে তিনিই যে কণ্ঠসাধনায় মগ্ন ছিলেন, তা আর বোঝার বাকি রইল না। এই কণ্ঠসাধক বিজন চন্দ্র মিস্ত্রী। নজরুলের গানের শিল্পী। ড্রইংরুমে আমরা আলাপে বসে যাই। ঘরটার কোনায় কোনায় নানা রকম বাদ্যযন্ত্র। তবে সুর সাধছিলেন যে তানপুরাটি দিয়ে, সেটিই হাতের কাছে টেনে বললেন, ‘আমার সবচেয়ে কাছের বন্ধু এই তানপুরা।’ এক বাক্যেই শেষ করলেন না। সুরের যোজনায় বলে চললেন,‘এই তানপুরা বন্ধু আমার, অনেক দিনের শক্তি আমার। এমন প্রাণের বন্ধু সুখ-দুঃখের যেন কেউ নাই আর।’মনটা ব্যথায় ভারাক্রান্ত হলে, আবার খুশির ঝরনা ঝরলে তানপুরাটা নিয়ে বসে পড়েন নজরুলসংগীতের এই শিল্পী। গানের প্রতি একটা তীব্র ভালোবাসা তাঁর। তবে এই ভালোবাসা এক দিনে তৈরি হয়নি। ‘তিন বছর বয়সে যখন গানের অর্থই বুঝে উঠিনি, তখন বাড়িতে প্রায়ই কীর্তন গানের আসর বসত। সেই আসরে আমি যোগ দিতাম। ব্যাপারটি বেশ খেয়াল করলেন মা। তিনি টিনের কৌটা দিয়ে আমাকে একটি ঢোল বানিয়ে দিলেন। কীর্তন শুরু হলেই আমি আমার ঢোল নিয়ে হাজির হতাম। এরপর যখন স্কুলে পড়ি, তখন রেডিওতে গান শুনে শুনে নিজেই কণ্ঠে তুলে নিতাম গানগুলো।’ স্মৃতিচারণা করলেন বিজন চন্দ্র মিস্ত্রী।কীভাবে নজরুলের গানের প্রতি ঝোঁকটা তৈরি হলো, সেই গল্পও চলে এল তাঁর স্মৃতিচারণায়। ‘১৯৯৩ সালে এসএসসি পরীক্ষা শেষ করে বরগুনা শহরে চলে আসি। এখানে সংগীতে প্রথম দীক্ষা নিই ওস্তাদ যতীন মজুমদারের কাছে। এরপর গোপীমোহন কর্মকারের কাছে উচ্চাঙ্গ আর নজরুলসংগীতে তালিম নিই। নজরুলের গানের কথা আর সুর আমাকে প্রতিনিয়তই নাড়া দেয়। নজরুলের গানের পাশাপাশি আমি ওস্তাদ মিন্টু কৃষ্ণ পালের কাছে ধ্রুপদী, খেয়াল আর টপ্পা তালিম নিই।’ অবশ্য নজরুলসংগীত গাওয়ার ধরনটা নতুন করে তিনি আয়ত্ত করেন সুমন চৌধুরীর কাছে। ছায়ানটে চার বছর আর শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ে তিন বছরের পড়াশোনার পাট শেষ করেন। আর এর সবটাই ছিল নজরুলসংগীতবিষয়ক। কৃতিত্বপূর্ণ ফলাফলের কারণে ছায়ানটের শিক্ষকতার সুযোগটাও এসে যায়। ছায়ানটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে আছেন তিনি। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে, নজরুলসংগীত বিষয়ে যাঁর পড়াশোনা, তিনি কীভাবে স্থাপত্য বুঝবেন? ‘আসলে তাজমহলের যে সৌন্দর্য, তা কিন্তু শিল্পকলার অন্তর্ভুক্ত। আবার সংগীত ও শিল্পকলা একই সূত্রে গাঁথা।’বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী বিজন মিস্ত্রীর ভক্তিগীতের ওপর প্রথম অ্যালবাম ঠাঁই যেন পাই চরণে বাজারে আসে ২০০৪ সালে। শুধু দেশেই নয়, নজরুলের গান পরিবেশনের জন্য ভারতের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাতে গিয়েছেন বহুবার। কলকাতার বিদগ্ধ শ্রোতারা নজরুল আর তাঁর গানকে খুব ভক্তি করেন। বিজন মিস্ত্রী মনে করেন, এ দেশে নজরুলের গানগুলোর আরও প্রসার হওয়া উচিত। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। নজরুলসংগীত সাধনার স্বীকৃতিস্বরূপ ২০০৯ সালে পেয়েছেন নবীন ও প্রতিশ্রুতিশীল নজরুল শিল্পী পদক। কথার মাঝেই গেয়ে ওঠেন‘আমার আপনার চেয়ে আপন যে জন খুঁজি তারে আপনা। আমার মনের তৃষিত আকাশে, কাঁদে চাতক আকুল তিয়াসে’।এই আকুল তিয়াস যেন প্রতিনিয়ত নজরুলের সংগীতকে বুঝে শেখার জন্য। খুব শিগগিরই নজরুলের অ্যালবাম বের করার চিন্তা আছে তাঁর। নজরুলসংগীতের প্রতি এই তীব্র ভালোবাসার কারণেই তিনি চান প্রতিনিয়ত মানুষকে ভালো গান শুনিয়ে তৃপ্ত করতে। তিনি বলেন, ‘আরও ভালোভাবে শিখতে চাই। আর হূদয়ে লালন করতে চাই নজরুলকে।’