নটর ডেম কলেজে নাটকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সৃজনশীল নাট্যচর্চায় একত্রিত হই’ স্লোগান নিয়ে নটর ডেম কলেজে আয়োজন করা হলো দ্বিতীয় জাতীয় নাট্যোৎসব ও নাট্য কর্মশালা। তিন দিনের এই আয়োজন শেষ হয়েছে শনিবার। দেশের ৫০টি কলেজের প্রায় ৫০০ শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ দিয়েছেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আবুল হায়াত, গাজী রাকায়েত, মাহিদুল ইসলাম, কচি খন্দকার প্রমুখ। নাট্যোৎসব ও নাট্য কর্মশালা উপলক্ষে তিন দিন ধরে পুরো নটর ডেম কলেজের ক্যাম্পাস ছিল তারুণ্যের মিলনমেলা। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রামেন্দু মজুমদার। তিনি বলেন, ‘দেশে কোনো উচ্চমাধ্যমিক কলেজ পর্যায়ে নাটকের এ রকম চর্চা হচ্ছে কি না, তা নিয়ে সংশয় আছে।’ সমাপনী অনুষ্ঠানে নটর ডেম কলেজের অধ্যক্ষ ফাদার বেঞ্জামিন ডি কস্তা বলেন, ‘সম্মিলিতভাবে নাট্যশিল্পকে সমৃদ্ধ করার জন্য আমাদের এ আয়োজন। নিয়মিত এই উৎসবের আয়োজন করার ইচ্ছা আমাদের আছে। এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে কাজ করবে। আমাদের উদ্দেশ্য সৃজনশীল নাট্যচর্চায় সবাইকে একত্র করা।’ বিকেলে গাজী রাকায়েতের নির্দেশনায় শরতের মেঘ নাটক মঞ্চায়ন করে চারুনীড়ম স্কুল অব অ্যাক্টিং।