নটরণের প্রথম প্রযোজনা ‘সকাল কখন হবে...’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর পরীক্ষণ হলটি তখন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কণ্ঠস্বরে প্লাবিত। অডিওতে ধারণ করা তাঁর কণ্ঠ। তিনি বলছেন একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর বীভৎসতার কথা। মঞ্চে হালকা আলো-আঁধারি পরিবেশ। অমাবস্যার কারা নামে নাটকটি শুরু হয়ে গেছে। বাংলাদেশের নাট্যাঙ্গনে নতুন নাট্যদল নটরণের অভিষেক সেদিন ঘটল এভাবেই। কুমার প্রীতিশ বলের লেখা এবং দেবাশীষ ঘোষ নির্দেশিত এই নাটকটি মুক্তিযুদ্ধ চলাকালীন একটি রাতের ঘটনা। নাটক শুরুর আগেই দর্শক-আসন মোটামুটি পরিপূর্ণ। ঢাকার মঞ্চে একটি নতুন নাট্যদলের নাটক দেখার জন্য উৎসুক সবাই। মঞ্চের ওপর উঁচু-নিচুভাবে সাদা কাপড় ছড়ানো। নাটক শুরু হলো অডিও রেকর্ডে সৈয়দ হকের বর্ণনার মাধ্যমে। এরপর সাদা কাপড় ফুঁড়ে মঞ্চে ভেসে উঠল একদল মানুষ। আর মঞ্চটিও মুহূর্তে কোনো বাড়ির একটি গোপন কক্ষে রূপ নিল, যেখানে আশ্রয় নিয়েছে বিভিন্ন স্থান থেকে আসা অসংখ্য মানুষ।এক ঘণ্টা ১৫ মিনিট ব্যাপ্তির নাটকটিতে মঞ্চের আলো একবারও নেভে না এবং অমাবস্যার কারার আরেকটি বৈশিষ্ট্য হলো, অন্য যেকোনো মঞ্চনাটকের তুলনায় এখানে নারীচরিত্র বেশি।পুরো নাটক এক রাতের ঘটনা। সবাই বসে আছে সকালের প্রতীক্ষায়। ‘সকাল কখন হবে...’ এমন প্রশ্নের মাঝে দেখা যায়, এক মা তাঁর মুক্তিযোদ্ধা ছেলের কথা বলছেন। পাকিস্তানিদের অত্যাচার দেখার পর থেকে ছোট্ট একটি মেয়ে বারবার মূর্ছা যাচ্ছে। আরেকটি পরিবারের কিশোরী মেয়ে নাটকের পুরো সময়ই স্তব্ধ—ভাষাহীন নিষ্পলক চোখে চেয়ে থাকে সে। নাটকের শেষ দৃশ্যে একমাত্র সংলাপ শোনা যায় তার মুখে, ‘আমি যুদ্ধে যাব।’ যুদ্ধে যাওয়ার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে শেষ হয় অমাবস্যার কারা।যুদ্ধের এক রাতে অবরুদ্ধ কয়েকটি পরিবারের কথোপকথন ও স্মৃতিচারণার মধ্য দিয়ে এই প্রযোজনায় একাত্তরের যে আবহ ফুটে ওঠে, তা হূদয়স্পর্শী। এখানে যুদ্ধের প্রত্যক্ষতা নেই কিন্তু কুশীলবদের সংলাপে মুক্তিযুদ্ধের যে ক্যানভাস মঞ্চে উন্মোচিত হয়, তাতে প্রত্যক্ষতা বা সরাসরি যুদ্ধ দেখানোর প্রয়োজন পড়ে না।নাটকে মেডিকেল কলেজে পড়ুয়া এক ছাত্রী অবরুদ্ধ সব কয়টি পরিবারের মধ্যে বাদানুবাদের শেষ পর্যায়ে যেন একরকম ঐক্যসূত্র স্থাপন করে। ঐক্যটি হলো ‘মুক্তিযুদ্ধে যাওয়ার প্রেরণা এবং চেতনা’। তবে নাটকের বিষয় ও পাণ্ডুলিপি যেমন মর্মস্পশী, অভিনয়ের ক্ষেত্রে চরিত্রের সঙ্গে অভিনেতাদের অনুভূতির বোঝাপড়া ঠিকঠাক হলে সবকিছুই বোধহয় আরও অনেক বেশি পরিশীলিত ও নান্দনিক হয়ে উঠতে পারত। তার পরও নাটকটি যখন শেষ হয়, তখন কেবল এক্সপেরিমেন্টাল হলের মঞ্চ নয়, বরং পুরো মিলনায়তনই যেন অবরুদ্ধ একটি ঘর হয়ে ওঠে। অভিনেতা-দর্শক সবাই প্রায় একই অনুভূতি নিয়ে বাড়ি ফিরতে পারেন। সবে হাঁটতে শেখা নতুন একটি দলের জন্য এও কম প্রাপ্তি নয়।সবাই যুদ্ধে যাচ্ছে, মঞ্চের আলো কমতে কমতে পুরোপুরি অন্ধকার হয়ে এল। এরপর আলো জ্বলতেই চরিত্র ছেড়ে এসে অভিনেতারা সবাই হাসছেন। নাটক শেষ। যেন একটি যুদ্ধে জয় হলো। দলের অন্য সবার সঙ্গে মঞ্চে উঠে এলেন সৈয়দ শামসুল হক, কামাল লোহানী ও রশীদ হায়দার। সৈয়দ হক বললেন, ‘প্রায় ১০ বছর আগে এই নাটকে ব্যবহূত কথাগুলো রেকর্ড করেছিলাম। আজ সেটি নাটকে ব্যবহার করা হচ্ছে দেখে ভালো লাগল।’ ‘পুরো সময় আমি স্পেল বাউন্ড হয়ে দেখেছি।’ নাটক সম্পর্কে মন্তব্য করলেন কামাল লোহানী। আর রশীদ হায়দার বললেন, ‘এই প্রযোজনার বড় সাফল্য হলো এটি একাত্তরের যুদ্ধের ভয়াবহতার স্বচ্ছচিত্র আমাদের চোখের সামনে উন্মোচন করেছে।’নাট্যযুদ্ধে নতুন নাট্যদল ‘নটরণ’ এবং তাদের প্রযোজনা অমাবস্যার কারা হয়তো জয়ী হলো একাত্তরের বাস্তবতাকে মঞ্চসত্যে রূপায়ণ ও প্রকাশের মাধ্যমেই।