নতুন অনুষ্ঠান নতুন উপস্থাপক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘...১৬ কোটি মানুষকে আত্মবিশ্বাসে বলীয়ান করার আশাবাদ নিয়ে আমরা খেলব অসাধারণ এক খেলা, যে খেলার নাম ‘কে হতে চায় কোটিপতি?’ দুর্দান্ত এই খেলা বদলে দিতে পারে আপনাকে। পৌঁছে দিতে পারে সেই আলোকোজ্জ্বল বন্দরে, যার জন্য উন্মুখ হয়ে ছিলেন আপনি। সেই লক্ষ্যে পৌঁছানোর প্রতিজ্ঞা নিয়েই আমাদের মাঝে হাজির নতুন দশজন প্রতিযোগী...।’ক্যামেরার দিকে তাকিয়ে কথাগুলো বললেন আসাদুজ্জামান নূর। কক্ষজুড়ে পিনপতন নীরবতা। দশজন প্রতিযোগীর মধ্য থেকে সঠিক ও দ্রুত উত্তর দিয়ে হটসিটে বসার সুযোগ পেলেন জিয়া। ধাপে ধাপে এক কোটি টাকার প্রশ্ন পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ প্রশ্নটির উত্তর সঠিক দিতে পারেননি। পেলেন তিন লাখ ২০ হাজার টাকার একটি চেক।১৮ জুন। এফডিসির ২ নম্বর ফ্লোর। এখানে চলছে ‘কে হতে চায় কোটিপতি?’ অনুষ্ঠানের সেট নির্মাণের কাজ। পাশের ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে চলছে মহড়া। এখানে আছেন ক্যামেরা, সাউন্ড, এডিটিং প্যানেল আর এর সঙ্গে জড়িত ব্যক্তিরা। জানা গেল, তাঁরা সবাই এসেছেন ভারত থেকে। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠান নির্মাণের সঙ্গেও তাঁরা আছেন।অনুষ্ঠান শেষ হওয়ার পর পাশের কক্ষ থেকে বেরিয়ে এলেন ক্রিয়েটিভ ডিরেক্টর রাহুল ও ডিরেক্টর বসন্ত। তাঁরা মহড়ার নানা দিক নিয়ে আলোচনা করলেন আসাদুজ্জামান নূরের সঙ্গে। ‘কে হতে চায় কোটিপতি?’ অনুষ্ঠানটির সঞ্চালক তিনি।১০ জুলাই দেশ টিভিতে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজন করা হচ্ছে এই অনুষ্ঠান।শুরুতে কথা ছিল, ‘কে হতে চায় কোটিপতি?’ অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আনিসুল হক। কিন্তু চোখের অস্ত্রোপচার আর চিকিৎসকের পরামর্শে শেষ পর্যন্ত কাজটি করতে পারছেন না তিনি।দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা আসাদুজ্জামান নূর বললেন, ‘আমাদের হাতে সময় একেবারেই কম। চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু ও শেষ করতে হবে অনুষ্ঠানটি। কোনো কিছুর পরিবর্তন করতে পারব না। তাই ঝুঁকি না নিয়ে সঞ্চালনার দায়িত্বটি আমিই নিয়েছি।’দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়মিত মহড়া করছেন। জানালেন, এফডিসির ২ নম্বর ফ্লোরের এই কক্ষে এরই মধ্যে পাঁচ দিন মহড়া করেছেন। ১ জুলাই পর্যন্ত এই সুযোগ পাবেন। ৩ জুলাই শুরু হবে অনুষ্ঠানটির ধারণকাজ। আসাদুজ্জামান নূর বললেন, ‘এখানে একটা ব্যাকরণ আছে’। সেই ব্যাকরণ অনুযায়ী সবকিছু করতে হয়। এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। নিজের মতো করে প্রতিযোগীদের সঙ্গে কথা বলা, একজনকে জানা, তাকে সাহস জোগানো, রসিকতা করা—সবই থাকবে।’কাজটা কেমন উপভোগ করছেন? আসাদুজ্জামান নূর বললেন, ‘খুব বিপদে আছি। বিপদ থেকে উদ্ধার হওয়ার একটাই উপায়—প্রচুর মহড়া করা। আরও আগে থেকে যদি মানসিক প্রস্তুতি নেওয়ার সুযোগ পেতাম, ওভাবে মহড়া করতে পারতাম, তাহলে অনেক ভালো হতো। ’কাছ থেকে অনুষ্ঠানটির ব্যাপারে পুরোপুরি ধারণা নেওয়ার জন্য গত বছর ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন আসাদুজ্জামান নূর। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র তিন পর্বের ধারণকাজ দেখেছেন কাছ থেকে। জানালেন, অনুষ্ঠান শেষে কথা হয় অমিতাভ বচ্চনের সঙ্গে। মহড়া শেষে কথা হচ্ছিল আসাদুজ্জামান নূরের সঙ্গে। বেলা তিনটার মধ্যেই তাঁকে বের হতে হবে। নীলফামারী যাবেন, নিজের নির্বাচনী এলাকায়। সোমবারই ফিরবেন। মঙ্গলবার বেলা ১১টায় আবার মহড়া হবে।