নতুন অভিভাবক পেল জ্যাকসনের তিন সন্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর ২০০৯ সাল থেকে তাঁর সন্তানদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন জ্যাকসনের মা ক্যাথরিন জ্যাকসন। সম্প্রতি ক্যাথরিন জ্যাকসনের রহস্যময় অনুপস্থিতি, জ্যাকসনের সন্তানদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে লস অ্যাঞ্জেলেস আদালত নতুন অভিভাবক হিসেবে সাময়িক দায়িত্ব দিয়েছেন ক্যাথরিনের আরেক নাতি টিটো জ্যাকসন জুনিয়রকে।আদালতের সিদ্ধান্ত দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জ্যাকসনের তিন ভাইবোন। আরও উপস্থিত ছিল জ্যাকসনের তিন সন্তান—প্যারিস (১৪), প্রিন্স মাইকেল (১৫) ও ব্ল্যাঙ্কেট (১০)। এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি।কিছুদিন ধরে ক্যাথরিন তাঁর লস অ্যাঞ্জেলেসের বাড়িতে থাকছেন না। তাঁর নিখোঁজ হওয়ার খবরও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। এ ছাড়া গত মঙ্গলবার এক টুইটার বার্তায় প্যারিস জানিয়েছিল, ৯ দিন ধরে দাদি ক্যাথরিনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। অবশ্য পরে অ্যারিজোনা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সেখানে মেয়ের বাড়িতে অবস্থান করছেন ক্যাথরিন।ক্যাথরিন স্বেচ্ছায় মেয়ের বাড়িতে গেছেন, নাকি ইচ্ছার বিরুদ্ধে তাঁকে সেখানে পাঠানো হয়েছে, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে আদালত টিটোকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘দাদির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি অস্পষ্টভাবে অদ্ভুত সব প্রবাদ আওড়েছেন।’এ ছাড়া জ্যাকসনের সন্তানদের বাড়িছাড়া করতে চেয়েছিলেন ক্যাথরিনের তিন সন্তান—জ্যানেট, র্যান্ডি ও জারমেইন—সম্প্রতি এমন খবর প্রকাশ করেছে পিপল ম্যাগাজিন। সেদিন ক্যাথরিনের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে হাতাহাতির ঘটনায় পুলিশও এসেছিল। সব মিলিয়ে জ্যাকসনের সন্তানদের ভাগ্য নিয়ে শঙ্কা দেখা দেওয়ায় আপাতত ক্যাথরিনের পরিবর্তে টিটোকে অভিভাবকত্ব প্রদান করেছেন বিচারক মিশেল বেকলফ। ক্যালিফোর্নিয়ার বাইরে যাতে জ্যাকসনের সন্তানদের সরিয়ে নেওয়া না হয়, এমন আদেশও দেওয়া হয়েছে। যেহেতু এসব ঘটনায় ক্যাথরিনের কোনো ভুল খুঁজে পাওয়া যায়নি, তাই লস অ্যাঞ্জেলেসের বাড়িতে ফেরার পর তাঁকে আবার অভিভাবকত্ব ফিরিয়ে দেওয়া হবে বলেই জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে।