বাংলাভিশনে আজ বিকেলে প্রচার হবে গান ও আলাপ নিয়ে অনুষ্ঠান ‘মিউজিক টুগেদার’। এটি উপস্থাপনা করছেন নীরব ও নাবিলা। পরিচালনা করছেন জাবেদ ইকবাল। অনুষ্ঠানের আজকের শিল্পী ন্যান্সি। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?সকালে নেত্রকোনায় যাওয়ার কথা ছিল। কিন্তু হুট করে চলে এসেছি চট্টগ্রামে। ঢাকায় ফিরে তারপর নেত্রকোনায় যাব।খুব ব্যস্ত নাকি? হ্যাঁ। আগে কাজ করে পরিবারকে যথেষ্ট সময় দেওয়ার সুযোগ পেতাম। কিন্তু গত ছয় মাস ধরে একেবারেই সময় দিতে পারছি না। এটা মনে হলে খুব খারাপ লাগে। পরিবারই আমার কাছে সব। ‘মিউজিক টুগেদার’ অনুষ্ঠানে কোন গানগুলো করবেন?এটা তো সরাসরি আড্ডা দেওয়ার অনুষ্ঠান। শ্রোতাদের সঙ্গে আড্ডা দেব। তাঁরা যদি কোনো গান শুনতে চান, সেটা শোনাব। এ সময়ের অনেক শিল্পীই সরাসরি গানের অনুষ্ঠানে গান করতে চান না। এ ধরনের অনুষ্ঠানে গান করতে গেলে সংগীতায়োজনের একটু পরিবর্তন হতে পারে। কিন্তু যাঁরা গাইতে পারেন, তাঁদের জন্য এটা কোনো ব্যাপারই নয়। সম্প্রতি কী কাজ করলেন? চারটি চলচ্চিত্রে গান করেছি—বেইলি রোড, স্পিড, লাভ টুয়েন্টি ওয়ান ও ঝালমুড়ি। এগুলোতে আমার সঙ্গে গান করেছেন এস আই টুটুল, হাবিব, আরফিন রুমী ও নচিকেতা। গানগুলো নিয়ে আমি খুব আশাবাদী। নতুন অ্যালবামের কাজ কবে শুরু করছেন?পয়লা বৈশাখে যাতে আমার নতুন অ্যালবাম শ্রোতাদের হাতে দিতে পারি, সেভাবেই কাজ করছি। এরই মধ্যে প্রাথমিক কাজ শেষ করেছি। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হলেই মূল কাজ শুরু করব। সুর ও সংগীতায়োজন কে করবেন, তা এখনই বলতে চাইছি না। তবে একাধিক সুরকার কাজ করবেন। প্রথমটির মতো তাড়াহুড়ো করে কাজ করতে চাই না। শ্রোতারা আমার কাছে যেমনটা প্রত্যাশা করেন, সেভাবেই কিছু করার চেষ্টা করছি।