নতুন আঙ্গিকে আসছে এশিয়ান টেলিভিশন

বিনোদন এবং বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে নতুন আঙ্গিকে দর্শকের সামনে আসছে এশিয়ান টেলিভিশন। যাতে থাকবে শতভাগ বাঙালিয়ানা। চতুর্থ বর্ষপূর্তির আগে গতকাল রোববার সংবাদ সম্মেলনে এসব কথা জানান এই টেলিভিশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বিদেশি চ্যানেল আর সংস্কৃতির আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে তাঁর চ্যানেল।
রাজধানীর গুলশান নিকেতনে অবস্থিত এশিয়ান টেলিভিশন কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হারুন-উর-রশিদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বার্তা বিভাগের ইনচার্জ বিপ্লব শাহরিয়ার। তিনি জানান, দেশি-বিদেশি দর্শকদের মন জয় করে আগামী ১৮ জানুয়ারি পঞ্চম বর্ষে পর্দাপণ করছে এশিয়ান টেলিভিশন। একই সঙ্গে চার পেরিয়ে পাঁচে পা রাখছে এশিয়ান রেডিও। চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর শুভক্ষণে দর্শক-শ্রোতাদের জন্য আন্তর্জাতিক মানের অনুষ্ঠানমালা নিয়ে আসছে এশিয়ান পরিবার।
এশিয়ান টেলিভিশনকে ১৬ কোটি মানুষের কণ্ঠস্বর উল্লেখ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি জানান, রুচিশীল দর্শকের জন্য তাদের টেলিভিশন যেমন মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ, একইভাবে রুচিশীল দর্শক তৈরিতেও অঙ্গীকারবদ্ধ।
আগামী ১৮ জানুয়ারি এশিয়ান টেলিভিশন এবং এশিয়ান রেডিও’এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দঘন আয়োজনে সবাইকে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানান প্রতিষ্ঠান দু’টির কর্ণধার। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন এশিয়ান টেলিভিশনের অতিরিক্ত অনুষ্ঠান প্রধান রুমানা রহমান।