নতুন আঙ্গিকে ‘মায়ার খেলা’
নাট্যামোদী দর্শক ও নাট্যকর্মীদের উপস্থিতিতে বিকেল থেকেই এখন শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার পরিবেশ প্রাণচঞ্চল হয়ে উঠছে। রোববার থেকে এখানে শুরু হয়েছে ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের আয়োজনে ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক নাট্যোৎসব। গতকাল সোমবার উৎসবের দ্বিতীয় দিনে তিনটি নাটক মঞ্চস্থ হয়েছে। নাট্যশালার মূল মিলনায়তনে ছিল উপমহাদেশীয় সাংস্কৃতিক প্রসারকেন্দ্র সাধনার পরিবেশনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা।কবিগুরুর সার্ধশততম জন্মবর্ষ উপলক্ষে সাধনা এই নৃত্যনাট্যটি মঞ্চে এনেছিল গত বছর। একেবারেই ভিন্ন আঙ্গিকে তারা উপস্থাপন করেছে নৃত্যনাট্যটি। নৃত্যের পাশাপাশি মঞ্চের ছাদের সঙ্গে রশি বেঁধে তাতে ঝুলন্ত অবস্থায় অনুপম নৃত্যশৈলী পরিবেশন করেছেন শিল্পীরা। নৃত্যের এই নতুন আঙ্গিককে বলা হয় ‘অ্যারিয়াল ড্যান্স’। গত বছর জুলাই মাসে কলকাতার নৃত্যশিল্পী সুভাষ বেহেরার পরিচালনায় সাধনার শিল্পীরা এই অ্যারিয়াল ড্যান্স ও পশ্চিমা ধ্রুপদিরীতির জ্যাজ নৃত্যের ওপরে প্রশিক্ষণ নেন। এর পরই মায়ার খেলায় উপমহাদেশীয় নৃত্যরীতির সঙ্গে অ্যারিয়াল ও জ্যাজ নৃত্যরীতির সমন্বয়ে নৃত্যনাট্যটি করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।মায়ার খেলা নৃত্যনাট্যের নির্দেশনায় ছিলেন সাব্বির আহমেদ খান ও অমিত চৌধুরী, সংগীত পরিচালনা করেন নির্ঝর চৌধুরী।এ ছাড়া গতকাল পরীক্ষণ থিয়েটারেও ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। এখানে চট্টগ্রামের গণনায়ক নাট্যসম্প্রদায় মঞ্চস্থ করে মুক্তধারা। স্টুডিও থিয়েটারে ছিল দেশের উত্তরাঞ্চলের লোকনাট্য ধামের গান। এটি পরিবেশন করে ঠাকুরগাঁওয়ের বেহাগী রঙ্গিলা বেহাই ও তাঁর দল।উৎসব চলবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে নাটক মঞ্চস্থ হবে।