নতুন আলোর প্রভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমে পড়লে অভিনয়জগতের কেউ নাকি স্বীকার করতে চান না। প্রভা অবশ্য এ ব্যাপারে লুকোচুরি খেলা একদমই পছন্দ করেন না। বেশ ঘটা করেই আনন্দকে জানিয়েছেন তাঁর প্রেমকাহিনি, বিস্তারিত এই প্রতিবেদনে। ২০০৬ সাল থেকে নিয়মিত কাজ করে গেলেও একটা জায়গায় বরাবরই পিছিয়ে ছিলেন প্রভা। কখনোই টানা একের পর এক কাজ করেননি তিনি। সংখ্যাতত্ত্বে তাই কম কাজ হলেও প্রভার অভিনয়জীবনে ভক্তের সংখ্যা কম নয়। ‘এইচএসসি পরীক্ষার পর থেকে মিডিয়ায় কাজ শুরু করেছি। এরপর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে নিয়মিত। তাই কখনোই পুরোপুরি সময় দিতে পারিনি অভিনয়ের পেছনে।’ বলছিলেন প্রভা। এখন যে পারছেন তাও নয়। ‘আমার অভিনয়ের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তাই অভিনয়টা আমি খুব একটা ভালো পারতাম না শুরু থেকেই।’ কাহিনির সূত্রপাত এর পর থেকেই। প্রেমে পড়েন প্রভা। খাওয়া, ঘুম, ক্লাস—সর্বত্র সে প্রেম যেন তাঁকে তাড়িয়ে বেড়াত। প্রভা বললেন, ‘হঠাত্ করেই যেন কী হয়ে গেল। অভিনয় ভালো পারতাম না বলে কখনো সেভাবে মনপ্রাণ উজাড় করে অভিনয় করিনি। কিন্তু প্রেমে পড়ার পর মনে হলো, আমি কেন পারব না। এই প্রেম অভিনয়ের সঙ্গে, আমার কাজের সঙ্গে। সত্যি বলতে কি, অভিনয়ের প্রেমে পড়ার পর আমার জীবনটাই অনেক বদলে গেছে। এখন আমি অনেক বেশি পরিশ্রম করে কাজ করার চেষ্টা করি।’ ফল হাতেনাতে। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকের প্রচুর প্রশংসা পেয়েছেন। অধিকাংশই ঈদ কিংবা বিশেষ দিবসের নাটক। ‘আগে বুঝতে পারতাম না কোনটা ভালো কাজ। হিসাব-নিকাশ করতাম না, এখন করি। নাটকের গল্প, পরিচালক, চরিত্র—সবকিছু মিলিয়ে কাজ করি।’ প্রভা এখন অনেক পরিণত। অভিনয়ের প্রতি অনেক সিরিয়াস। বুঝে-শুনে কাজ করেন। হবেই বা না কেন? প্রেম বলে কথা!এখন প্রভার একমাত্র ধ্যান-জ্ঞান অভিনয়। সত্যিকার অর্থে একজন ভালো অভিনেত্রী হতে চান তিনি। সে পথেই এগিয়ে যাচ্ছেন। তবে পড়াশোনার জন্য অনেক ছাড় দিতে হচ্ছে। ‘খারাপ লাগে যখন পড়াশোনার জন্য কাজ করতে পারি না। তবে নিজেকে এ সময়টা দিতে চাই। আর তো মাত্র একটা বছর। দাঁত কামড়ে পড়াশোনাটা শেষ করেই পুরোদস্তুর পেশাদার অভিনেত্রী হয়ে যাব।’ আর ডিজাইনের ওপর পড়াশোনা করলেন, সেটা? ‘এখনই আমাকে অনেকে কাজ করতে বলছেন, কিন্তু আমি চাকরি করব না। পড়াশোনা শেষ করে নিজেই একটা বুটিক হাউস দেব। এটি আমার অনেক দিনের স্বপ্ন।’প্রশ্নটা একটু বেয়াড়া হয়ে যায়। প্রেম কি শুধু অভিনয়ের সঙ্গে? জলজ্যান্ত মানুষ নেই কোনো? সঙ্গে সঙ্গে প্রভার সেই ভুবন-ভোলানো হাসি। ‘এই বয়সের একটা মেয়ের তেমন কেউ না থাকাটাই তো অস্বাভাবিক। আমিও আর দশটি মেয়ের মতো সুখের সংসার করতে চাই। তবে তার আগে নিজের পায়ে দাঁড়াতে চাই।’ বললেন প্রভা। কে সেই সৌভাগ্যবান? ‘যে-ই হোক না কেন, যদি কিছু করি, আমার ভক্তরাই সবার আগে জানবেন। লুকোচুরি করে আমি কিছু করব না।’ তার মানে পারিবারিকভাবেই হচ্ছে সবকিছু? ‘অবশ্যই।’ সঙ্গে আমার ভক্তদের চুপিচুপি বলে রাখি, যাঁকে বিয়ে করব, তিনি মিডিয়ার কেউ নন। সময় হলে ঘটা করেই সবাইকে জানানো হবে। তত দিন পর্যন্ত থাক না একটু চমক।