নতুন একক নিয়ে ব্যস্ত শফিক তুহিন

নতুন একক অ্যালবামের কাজ শুরু করেছেন সংগীতশিল্পী শফিক তুহিন।এটি হবে তাঁর চতুর্থ একক অ্যালবাম।এখন পর্যন্ত নাম ঠিক না-হওয়া এ অ্যালবামের বেশ কয়েকটি গানের কাজ শেষ করেছেন শফিক তুহিন।
শফিক তুহিন জানান, চতুর্থ একক অ্যালবামটি আসছে রোজার ঈদেই শ্রোতাদের হাতে তুলে দেওয়ার ইচ্ছে আছে তাঁর।আর অ্যালবামের সব কটি গানের কথা-সুর-সংগীতায়োজন করবেন তিনি নিজে।অ্যালবামে একটি দ্বৈতগান রাখার কথাও ভাবছেন শফিক।তিনি বলেন, ‘গত বছরের ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছিল আমার ‘‘পাগলামি’’অ্যালবামটি।শ্রোতারা অ্যালবামটির কয়েকটি গান পছন্দ করেছিলেন।দেড় বছর পর আবার অ্যালবামের কাজ শুরু করলাম।’
‘প্রাণপাখি ময়না’শিরোনামের গানের মধ্য দিয়ে গীতিকার থেকে গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন শফিক তুহিন।নিজের প্রথম এককের ‘স্বপ্ন এবং তুমি’অ্যালবামের এই গানের মাধ্যমে গায়ক হিসেবে নিজেকে সবার সামনে পরিচিত করে তুলতে সক্ষম হন তিনি।এরপর প্রকাশিত হয় দ্বিতীয় একক ‘শফিক তুহিন ডটকম’।গত বছর প্রকাশিত হয় শফিক তুহিনের সর্বশেষ একক অ্যালবাম ‘পাগলামি’।আর ইদানীং চলচ্চিত্রের গানের সুর ও সংগীত পরিচালনা নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ শিল্পী। সম্প্রতি মুক্তি পাওয়া ‘অন্য রকম ভালোবাসা’ছবিতে শফিক তুহিনের গাওয়া দুটি গান শ্রোতাপ্রিয় হয়েছে।