নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরে বাধা নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবনির্বাচিত চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির হাতে ক্ষমতা হস্তান্তরে আর কোনো আইনি বাধা রইল না। সমিতির নির্বাচনে কারচুপির অভিযোগে নিম্ন আদালতে করা নির্বাচনে হেরে যাওয়া প্রার্থী রমিজ উদ্দিনের আবেদনের ওপর স্থগিতাদেশ দিয়েছেন জেলা জজ আদালত।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিবাদী পক্ষের উকিল কাওসার হোসেন। তিনি বলেন, 'রমিজ উদ্দিন নিম্ন আদালতে নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ক্ষমতা হস্তান্তরে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বিবাদী ছিলেন নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ড চেয়ারম্যান নাসিরুদ্দিন দিলু ও শিল্পী সমিতির বিদায়ী সভাপতি শাকিব খান। এই আবেদনের প্রেক্ষিতে নিম্ন আদালতে বিবাদীরা আপিল আবেদন করলে গত ২০ মে তা বহালের আদেশ দেন আদালত। বিবাদীরা জেলা দায়রা জজের আদালতে আপিল করেন।'

এই আইনজীবী বলেন, 'সেই আপিল আমলে নিয়ে জেলা জজ আদালত রিটের নথি তলব করেন। সেখানে রিটে জমা দেওয়া কাগজপত্রে জালিয়াতি ধরা পড়ে। যেহেতু কাগজপত্রের কোনো ভিত্তি নেই, তাই জেলা জজ আদালতের জজ কুদ্দুস জামান রমিজ উদ্দিনের রিট স্থগিতাদেশ দিয়েছেন। এখন আর আইনিভাবে ক্ষমতা হস্তান্তরে কোনো বাধা রইলো না।' তিনি জানান, বিবাদীরা চাইলে বাদী রমিজ উদ্দিনের বিরুদ্ধে জালিয়াতি করে হয়রানির জন্য ব্যবস্থা নিতে পারে।

এ প্রসঙ্গে বিবাদী নির্বাচন কমিশনার মনতাজুর রহমান আকবর বলেন, 'আদালতের আদেশে এখন আর নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তরে বাধা নেই। আর আমরা বাদীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব কি না সেটা আগামীকাল সংবাদ সম্মেলন করে জানাবো।' তিনি বলেন, আগামীকাল এফডিসিতে সংবাদ সম্মেলন করে আদালতের রায় সম্পর্কে বিস্তারিত জানানো হবে। আগামীকাল নতুন কমিটির কাছে ক্ষমতাও হস্তান্তর করা হবে।

৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬ মে সকালে ফল প্রকাশ হলে নতুন কমিটির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন জায়েদ খান।

এরপর গেল ১১ মে নির্বাচনে কার্যকরী সদস্য পদে পরাজিত প্রার্থী রমিজ উদ্দিন নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগে নিম্ন আদালতে ক্ষমতা হস্তান্তরে স্থগিতাদেশ চেয়ে আবেদন করে। আদালতের বিচারক সেই আবেদনের প্রেক্ষিতে ক্ষমতা হস্তান্তরে স্থগিতাদেশ দেন।