নতুন করে পুরোনোতে ফেরার ইচ্ছা নওশীনের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওশীন
নওশীন

২০০৬ সালে রেডিওতে উপস্থাপনার মধ্য দিয়ে মিডিয়ায় নাম লিখিয়েছিলেন নওশীন নাহরীন। টানা কয়েক বছর সে মাধ্যমে কাজ করে নিজের একটা পরিচিতিও গড়ে তুলেছিলেন তিনি। বলা চলে, এর ফলেই টিভিতে উপস্থাপনা, নাটকে অভিনয়, টুকটাক মডেলিং এমনকি চলচ্চিত্রেও অভিনয় করেছেন নওশীন। টিভি আর চলচ্চিত্রের ব্যস্ততার কারণে মাঝের কয়েকটা বছর রেডিওতে উপস্থাপনাকে অনেকটা গুডবাই জানাতে হয়েছিল তাঁকে। এ মুহূর্তে আবারও পুরোনো মাধ্যমে ফিরে যাওয়ার কথা ভাবছেন তিনি। মানসম্পন্ন এবং নিজের পছন্দসই কোনো অনুষ্ঠানের প্রস্তাব পেলে খুব দ্রুত রেডিও উপস্থাপনায় আবারও দেখা যেতে পারে বলে ‘প্রথম আলো’কে জানিয়েছেন নওশীন।
এ প্রসঙ্গে নওশীন বলেন, ‘রেডিওর উপস্থাপনাটা আমার অনেক বেশি ভালো লাগে। কিন্তু টিভি নাটকের ব্যস্ততার কারণে মাঝের কয়েকটা বছর রেডিওর উপস্থাপনাটা অনেক বেশি মিস করেছি। রেডিওতে উপস্থাপনাটা বরাবরই আমাকে টানে। আমি আবারও এ মাধ্যমে ফিরতে চাই।’
নাটকে অভিনয়ের পাশাপাশি নওশীন একাধারে টিভি অনুষ্ঠান উপস্থাপনাও করতেন। কিন্তু ২০১৩ সালে তা থেকে একেবারে দূরে সরে ছিলেন। এখন আবারও টিভির অনুষ্ঠান উপস্থাপনায় ফেরার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। নওশীন বলেন, ‘টিভিতে আমার প্রথম উপস্থাপনা ২০০৮ সালে। আরটিভিতে প্রচারিত অনুষ্ঠানটির নাম “জেগে আছ কি?”। এটি আমাকে টিভিতে উপস্থাপনায় আলাদা একটা অবস্থান করে দেয়। নতুন বছরে আবারও টিভিতে উপস্থাপনায়ও ফিরতে চাই। তবে আরটিভির “জেগে আছ কি?” ধরনের অনুষ্ঠানকে খুব মিস করি।’
আর কয়েক ঘণ্টা বাদেই নতুন বছরকে স্বাগত জানাবে সবাই। নতুন বছরে প্রত্যাশা প্রসঙ্গে নওশীন বলেন, অভিনয় ক্যারিয়ারে বুঝে না-বুঝে প্রচুর নাটকের কাজ করেছি। তবে এবার অভিনয় করতে চাই। তার মানে, ভালো ভালো গল্প এবং গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে চাই। নতুন সংসার নিয়ে সুখেশান্তিতে থাকতে চাই। আর একজন সাধারণ নাগরিক হিসেবে নিরপেক্ষ সরকার চাই, যাতে দেশে কোনো ধরনের অশান্তি না থাকে।’