নতুন করে যাত্রীর যাত্রা
২০০৪ সালে বের হয়েছিল যাত্রীর প্রথম অ্যালবাম ডাক। তপুর সঙ্গে তখন এই ব্যান্ডে আরও ছিলেন ইমরান। অ্যালবামের ‘মিথ্যে প্রেম’, ‘এই কি বেশি না’, ‘কে ডাকে?’ গানগুলো দারুণ জনপ্রিয় হয়েছিল তখন। ছয় বছর পর এবার যাত্রী আসছে নতুন রূপে। কাজ শুরু করেছে তাদের নতুন অ্যালবামের। জানা গেছে, দেশের বাইরে থাকায় যাত্রীর অন্যতম সদস্য ইমরান ব্যান্ডের কোনো কার্যক্রমে অংশ নিতে পারছেন না। যাত্রীর বর্তমান সদস্যরা হলেন সেতু (গিটার), বিপু (গিটার), রোমেল (কি-বোর্ড), রিয়াদ (ড্রামস), শামস (বেজ) ও তপু (ভোকাল)। যাত্রীর নতুন অ্যালবামের নাম এখনো চূড়ান্ত হয়নি। তপু বললেন, ‘এরই মধ্যে অ্যালবামটির অর্ধেক কাজ শেষ। সংগীতায়োজন অনেকটাই করে ফেলেছি।’ নতুন অ্যালবামের গানের প্রসঙ্গে তপু বললেন, ‘যাত্রীর সদস্যদের অনেক স্বাধীনতা আছে। তাদের রকের সঙ্গে আমার মেলোডি মিশে ভালো কিছু হবে বলে আশা করছি।’ডাক অ্যালবাম থেকে একটি গানের রিমেক থাকবে যাত্রীর দ্বিতীয় অ্যালবামে। তবে সেটা চমক হিসেবেই রাখতে চাইছেন যাত্রীর সদস্যরা।