
কম্বোডিয়ায় তাঁর ‘জাগরণ’ ঘটেছিল। প্রথমবার গিয়েই জায়গাটির প্রেমে পড়লেন। সেখানকার মানুষজনকেও ভালোবেসে ফেলেন। স্থানীয় ইতিহাস জানলেন। আর তখনই বুঝতে পারলেন, পৃথিবী সম্পর্কে তাঁর ধারণার সীমাবদ্ধতার কথা। সে জন্য কম্বোডিয়ার প্রতি বরাবরই তিনি কৃতজ্ঞ।
বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে অ্যাঞ্জেলিনা জোলি এসব কথা বলেছেন। ফার্স্ট দে কিলড মাই ফাদার চলচ্চিত্রের প্রথম প্রদর্শনী উপলক্ষে তিনি সম্প্রতি কম্বোডিয়ায় যান। খেমাররুজ শাসনামলে গণহত্যার প্রত্যক্ষদর্শী এক শিশুকে নিয়ে এ ছবির কাহিনি। জোলির আশা, কম্বোডীয়দের সেই বিভীষিকাময় সময় সম্পর্কে প্রকাশ্যে কথা বলতে এই ছবি সহায়ক হবে।
জাতিসংঘের বিশেষ দূত হিসেবে জোলি ২০০১ সালে প্রথম কম্বোডিয়া সফর করেছিলেন। পরে তিনি সেখান থেকে বড় ছেলে ম্যাডক্সকে দত্তক নেন। এখন তাঁর ছয়টি সন্তান আছে। দীর্ঘদিনের প্রেমিক ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের জন্য তিনি গত সেপ্টেম্বরে আবেদন করেন। এরপর এই প্রথম প্রকাশ্যে (গত শনিবার নতুন চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠান) এলেন এবং বিবিসির সঙ্গে আলাপ করলেন।

জোলি-পিট ২০০৪ সাল থেকে একসঙ্গে ছিলেন। তবে বিয়ে করেন ২০১৪ সালের আগস্টে। বিচ্ছেদ প্রসঙ্গেও সাংবাদিকদের কাছে প্রথম মুখ খুললেন জোলি। বললেন, ‘এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। এটা খুব কঠিন ছিল। অনেকেই এমন পরিস্থিতিতে পড়েন। আমার পুরো পরিবার কঠিন সময় পার করেছে। আমার বিশেষ খেয়াল ছিল সন্তানদের প্রতি। আমরা চিরকালই একটা পরিবার হয়ে থাকব। আর এভাবেই আমি পরিস্থিতির মোকাবিলা করছি। নিজেদের মধ্যে আরও শক্তিশালী বন্ধন নিশ্চিত করতে চাইছি।’
পিটের সঙ্গে বিচ্ছেদের পর সব সন্তান ও পোষা প্রাণীগুলো নিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন। বললেন, ‘কয়েকটা মাস খুব কঠিন সময় গেছে। এখন আমি সবাইকে কাছে রাখার চেষ্টা করি।’
জোলি আরও বললেন, ‘এখন আমি শুধু টিকে থাকার আশা করি। আগামী পাঁচ বছরে বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরতে চাই। ছেলেমেয়েদের সঙ্গে সময় কাটাতে চাই। আশা করি, তারাও এতে খুশি হবে; যা কিছু আমি আশা করি, তা কোনো কিছুর প্রকাশ। আর সেগুলো আমার সন্তানদের সামনে সত্যিকারের কিছু তুলে দেবে। আর তাদের নিজ নিজ সামর্থ্য সম্পর্কে সঠিক ধারণা দেয়। এবং পৃথিবীটাকে কীভাবে দেখতে হবে, সেটাও শেখায়। হলিউডের আয়নার ভেতর দিয়ে অথবা কোনো একধরনের জীবনের মধ্যে থেকে নয়; বরং সত্যিকারের জগৎটাকে চেনার সুযোগ তাদের দিতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিরোধী যে পদক্ষেপ নিয়েছেন, তার সমালোচনা করে জোলি সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এ একটি নিবন্ধ লিখেছেন। ট্রাম্পের নাম উল্লেখ না করে জোলি লিখেছেন, মার্কিন জনগণ কোনো একজন প্রেসিডেন্টের চেয়ে বড়।
আশিস আচার্য
বিবিসি ও পিপল অবলম্বনে