
জুটি হিসেবে প্রথমবারের মতো পর্দায় দেখা যাবে সুশান্ত সিং রাজপুত ও কৃতি শ্যাননকে। রাবতা ছবির এই এক নতুনত্ব। এর বাইরে এ ছবির ট্রেলার ও গান কোনো নতুনত্বের আভাস দিচ্ছে না আপাতত। ছবির গল্প, গান, গানের কথা ও দৃশ্যায়ন সবকিছুর বিরুদ্ধেই উঠেছে নকলের অভিযোগ। একেবারে যেন সবদিক থেকে বিতর্ক ঘিরে ধরেছে ছবিটিকে। শনির দশায় পড়লে যা হয়, এ ছবির অবস্থা এখন তেমন। সুশান্ত আর কৃতির পাশাপাশি দীপিকা পাড়ুকোনের আইটেম গানও কোনোভাবে রাবতার পালে হাওয়া লাগাতে পারছে না। পারবে কী করে? যে গানের সঙ্গে দীপিকা নেচেছেন, সেটাও যে পুরোনো!
মাসখানেক আগে যখন রাবতা ছবির ট্রেলার মুক্তি পায়, তখন থেকেই দুর্ভাগ্য এ ছবিকে ঘিরে ধরেছে। শুরুতেই এ ছবির কিছু দৃশ্যর সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় ২০০৯ সালে মুক্তি পাওয়া দক্ষিণ ভারতীয় ছবি মাগাধিরার। এসএস রাজামৌলি পরিচালিত এই ব্যবসাসফল ছবির প্রযোজকেরা মিল খুঁজে পেয়ে আইনি নোটিশও পাঠান রাবতা নির্মাতা ও প্রযোজকদের কাছে। কিন্তু আত্মপক্ষ সমর্থন করে রাবতা নির্মাতা স্পষ্ট করেছেন যে মাগাধিরার সঙ্গে এ ছবির কোনো মিল নেই। তা ছাড়া আরেক দল অভিযোগ করেছে, ছবির মূল পাত্র-পাত্রীর সাজ অনেকটাই মিলে গেছে গত বছর মুক্তি পাওয়া রাকেশ ওম প্রকাশ মেহরার ছবি মির্জার হর্ষবর্ধন কাপুর ও শইয়ামি খেরের সঙ্গে। ভারতীয় অনেক গণমাধ্যমে এ নিয়ে এখন চলছে তর্ক-বিতর্কও। তবে এটুকু নিশ্চিত যে মাগাধিরা আর মির্জা ছবির মতোই রাবতা ছবির গল্প বোনা হয়েছে পুনর্জন্ম, প্রেম ও হারিয়ে যাওয়া প্রেমিক-প্রেমিকার পুনর্মিলন নিয়ে। তাই ট্রেলারে দেখা কয়েক মিনিটের দৃশ্যচিত্রের সঙ্গে পুনর্জন্ম নিয়ে তৈরি পুরোনো ছবিগুলোর মিল খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। তবে টুইটার ও ফেসবুকে লিখিত বিবৃতি দিয়ে এ ছবির প্রযোজক ও নির্মাতা নিশ্চিত করেছেন যে ছবির গল্প এক্কেবারে নতুন ।

এবার আসা যাক গান প্রসঙ্গে। ছবি না হয় না দেখে বোঝা যাবে না গল্প নতুন নাকি পুরোনো। তবে গান যেহেতু এরই মধ্যে মুক্তি পেয়েছে, তাই এর কথা তো বলাই যায়। তা ছাড়া বিশেষ করে রাবতা ছবির গান নিয়ে যত কাণ্ড ঘটল, এমন বিতর্ক অনেক ছবিকেই ভরাডুবিতে ফেলে। ইতিহাস এমনটাই বলে। রাবতা ছবির শিরোনাম গানটি সাইফ আলী খান-কারিনা কাপুরের এজেন্ট বিনোদ ছবির রাবতা গানের নতুন সংগীতায়োজন। এ পর্যন্ত সব ঠিকই ছিল। আদি গানটির সুরকারই রাবতা র নতুন সংগীতায়োজন করেছেন। কিন্তু যখন এর বাইরে ছবির নির্মাতা ও প্রযোজকেরা অন্য এক সুরকারের আরেকটি পুরোনো গানকে নতুন মোড়কে করে ছবির সঙ্গে জুড়তে চেয়েছিলেন তখনই রাবতা র সুরকার প্রীতম বেঁকে বসেন। বনাবনি না হওয়ায় শেষমেশ ছবি থেকে বেরিয়েই যান প্রীতম। জনসমক্ষে ঘোষণা দেন, এ ছবির সঙ্গে তিনি আর নেই। এর কয়দিন পরই নকলের আরেকটি অভিযোগ ওঠে রাবতা ছবির বিরুদ্ধে। এবারেরটিও মাগাধিরার মতো গড়ায় উকিল নোটিশ পর্যন্ত। ছবির ম্যায় তেরা বয়ফ্রেন্ড গানটি নকল বলে অভিযোগ তোলেন পাঞ্জাবের গায়ক জে-স্টার। তাঁর জনপ্রিয় গান ম্যায় তেরা বয়ফ্রেন্ড -কে পুরোপুরি নকল করে তা অরিজিৎ সিং ও নেহা কাক্কারকে দিয়ে গাওয়ানোর অভিযোগ তোলেন জে-স্টার। এ গায়ক বলেন, প্রায় ৮-৯ মাস আগে টি-সিরিজ (রাবতার প্রযোজনা প্রতিষ্ঠান) আমার কাছে আমার গানের স্বত্ব কেনার আগ্রহ প্রকাশ করেন। এ নিয়ে আমাদের বেশ কয়েকবার বৈঠকও হয়। কিন্তু শেষ পর্যন্ত চুক্তিপত্রের কিছু শর্তের সঙ্গে আমরা একমত হতে পারিনি। তাই আমি তাঁদের কাছে আমার গানের স্বত্ব বিক্রি করিনি। কিন্তু শেষ পর্যন্ত দেখলাম তারা আমার অনুমতি না নিয়েই গানটি ছবিতে ব্যবহার করে ফেলল!
একের পর এক বিতর্ক রাবতার সামনে এসে একেকটা ঝড়ের মতো আছড়ে পড়ছে। কিন্তু এ ছবি আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছেই। ছবির মুক্তি থেমে যাওয়ার আপাতত কোনো কারণ নেই। কারণ আর একটা সপ্তাহ পেরিয়ে গেলেই রাবতা পড়বে কঠিন দুর্যোগের মুখে। কারণ আর দিন পনেরো বাদেই তো বছরের অন্যতম বড় বলিউড ছবি টিউবলাইট-এর মুক্তি। তাই যত দ্রুত সম্ভব রাবতাকে দেখতে হবে আলোর মুখ। তা না হলে দিন যত গড়াবে ততই বাড়বে ছবিটির ক্ষতির আশঙ্কা। এমনিতেই তো নতুন মোড়কে পুরোনো জিনিস তুলে ধরে যথেষ্ট বিতর্কের মুখে পড়েছে ছবিটি, আর কত?
আদর রহমান
ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা, স্কুপহুপ ও স্ক্রোল অবলম্বনে