নতুন গডফাদার শহীদুজ্জামান সেলিম
কথা ছিল চোরাবালি চলচ্চিত্রের গডফাদার আলীর চরিত্রে অভিনয় করবেন হুমায়ূন ফরীদি। সেভাবেই সবকিছু এগোচ্ছিল। ২১ সেপ্টেম্বর চোরাবালি চলচ্চিত্রের শুটিংয়ে অংশও নেন তিনি। সে দিন একটিমাত্র দৃশ্যের শুটিং করেছিলেন হুমায়ূন ফরীদি। পরদিন হরতালের কারণে শুটিং করা হয়নি। ২৩ সেপ্টেম্বর শুটিং করতে গেলে হঠাত্ করে শারীরিকভাবে অসুস্থ হয়ে যান। এরপর আর কোনোভাবেই শুটিং করতে পারেননি তিনি। শিল্পী নির্বাচনে পরিবর্তন আনতে হয় পরিচালক রেদোয়ান রনিকে। চোরাবালি চলচ্চিত্রে গডফাদার হিসেবে আগমন ঘটে শহীদুজ্জামান সেলিমের। পুরান ঢাকার রোজ গার্ডেন শুটিং হাউসে এরই মধ্যে এক দিনের শুটিংয়েও অংশ নিয়েছেন তিনি।শহীদুজ্জামান সেলিম বলেন, ‘চোরাবালি অন্ধকার জগতের ঘটনা নিয়ে গল্প। এখানে আমাকে এই জগতের গডফাদার হিসেবে দেখানো হবে। আজ রোববারসহ দুই দিনের শুটিং করছি। অভিজ্ঞতা বেশ ভালো।’সেলিম আরও বলেন, চলচ্চিত্রের কাজ একদমই আলাদা। কী হবে সেটা বলা একেবারেই মুশকিল। তবে কাজ করে মনে হচ্ছে ভালো কিছু হতে যাচ্ছে।’ রেদোয়ান রনি বলেন, ‘শারীরিক অসুস্থতার জন্য ফরীদি ভাই চোরাবালিতে কাজ করতে পারছেন না। তাই বাধ্য হয়ে শিল্পী পরিবর্তন করতে হয়েছে। এমন একটা সময়ে শহীদুজ্জামান সেলিম ভাই আমাকে যেভাবে সহযোগিতা করেছেন, সেটা আসলে বলে বোঝাতে পারব না।চোরাবালি চলচ্চিত্রে আরও অভিনয় করছেন জয়া আহসান ও কলকাতার ইন্দ্রনীল সেনগুপ্ত।