নতুন গান তৈরিতে ব্যস্ত আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চু এখন প্রায় প্রতিদিনই নিজের স্টুডিও এবি কিচেনে নতুন নতুন গান তৈরি করছেন। এরই মধ্যে জমা হয়েছে অনেকগুলো নতুন গান। আইয়ুব বাচ্চু বলেন, ‘এখন আমার ব্যস্ততা নতুন গান আর ইনস্ট্রুমেন্টাল তৈরি করা নিয়ে। প্রতিদিনই নতুন কিছু করার জন্য চেষ্টা করছি।’
এতগুলো নতুন গান নিয়ে আইয়ুব বাচ্চু কী পরিকল্পনা করছেন? আইয়ুব বাচ্চু বলেন, ‘কোনো অ্যালবাম প্রকাশের পরিবেশ এখন নেই। আর আমিও অ্যালবাম প্রকাশের কথা ভেবে গান তৈরি করছি না। নতুন গান তৈরি করছি মনের তাগিদে।’
স্টেজ শোর ব্যস্ততা নিয়ে বাচ্চু বলেন, ‘গত কয়েক মাসে অনেকগুলো স্টেজ শো করতে হয়েছে। রমজান মাস শুরু হওয়ার আগের দিনও স্টেজ নিয়ে ব্যস্ত থাকতে হয়েছে আমাদের। এর পাশাপাশি নতুন নতুন গান তৈরি করছি। রমজান মাসে স্টেজ শোর ব্যস্ততা কম। ঈদের পর আবার পুরোদমে স্টেজ শো নিয়ে ব্যস্ত হয়ে পড়বে এলআরবি।’
আইয়ুব বাচ্চু এখন এসএ টিভির রিয়েলিটি শো ‘বাংলাদেশি আইডল’-এর বিচারক। জানালেন, এ মাসের শেষ দিকে আবার এ রিয়েলিটি শোর শুটিং শুরু হবে।