নতুন চমক নিয়ে সালমান খান
মাত্র দুই মিনিট। ওলটপালট করে দিয়েছে সব হিসাব-নিকাশ। সালমান খানের নতুন ছবি দাবাং-এর প্রথম ট্রেলার মুক্তি পায় দুই সপ্তাহ আগে। কথা ছিল, আসছে ঈদের দিন করণ জোহর প্রযোজিত উই আর ফ্যামিলির সঙ্গে মুক্তি পাবে দাবাং। করণ জোহরের ধারণা ছিল, তাঁর ছবিটি সামাজিক ধাঁচের। অন্যদিকে সালমানের ছবিটি অ্যাকশনধর্মী। সুতরাং একই দিন মুক্তি পেলে দর্শক ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। কিন্তু করণের ধারণাও ছিল না, দাবাং-এর ট্রেলার দেখে দর্শক এতটা প্রতিক্রিয়া জানাবে। টুইটার, ফেসবুক থেকে চায়ের কাপ—সবখানেই সালমানের দাবাং নিয়ে আলোচনায় মুখর সাধারণ দর্শক থেকে তারকারা। দিয়া মির্জা তাঁর টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না, কবে চুলবুল পান্ডেকে দেখব! সালমান এককথায় অসাধারণ!’ দাবাং ছবিতে ঘুষখোর, দুর্নীতিবাজ পুলিশ অফিসার চুলবুল পান্ডের চরিত্রে দেখা যাবে সালমানকে। চরিত্রের নামটি উদ্ভট, এমনকি ছবিটিও যে অস্কারের জন্য নির্মিত হয়েছে, তাও নয়। তবে আমজনতা যেসব ছবি পছন্দ করে, সে রকমই একটি মসলাধর্মী ছবি নির্মাণ করেছেন প্রযোজক আরবাজ খান। অনেকেরই ধারণা, ওয়ান্টেড হিট হওয়ার কারণেই একই ধাঁচের ছবি নির্মাণ করা হয়েছে। তবে পরিচালক অনুভব কশ্যাপের মতে, দাবাং কোনোভাবেই ওয়ান্টেড-২ নয়। ছবি মুক্তি পেলেই বুঝতে পারবেন। কালারস চ্যানেল ইতিমধ্যে ১৫ কোটি রুপি দিয়ে কিনে নিয়েছে দাবাং। অভিনেত্রী প্রীতি জিনতা টুইটারে লিখেছেন, ‘সালমান! দয়া করে এখনই দাবাং দেখার ব্যবস্থা করে দাও।’ তারকাদের এই হাল দেখে করণ জোহর তাঁর উই আর ফ্যামিলি মুক্তির তারিখ এক সপ্তাহ এগিয়ে আনতে বাধ্য হয়েছেন। অথচ তাঁর ছবিতে আছেন কাজল, কারিনা কাপুর, অর্জুন রামপালের মতো তারকারা। তবে কি সালমানের জনপ্রিয়তায় ভয় পেয়ে করণ ছবি মুক্তির তারিখ এগিয়ে আনলেন? ‘সত্যিই তাই। স্বীকার করতে কোনো সমস্যা নেই।’ জানালেন করণ জোহর। তবে করণ ভয় পেলেও ভয় পাননি শঙ্কর। ভারতের সর্বাধিক পারিশ্রমিক পাওয়া অভিনেতা রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চনকে নিয়ে ১০০ কোটি রুপির ছবি এন্ধিরাম আগামী ১০ সেপ্টেম্বরই মুক্তি দেবেন শঙ্কর। অর্থাৎ এবারের ঈদে লড়াই করতে যাচ্ছেন সালমান ও তাঁর সাবেক প্রেমিকা ঐশ্বরিয়া রাই বচ্চন।পর্দার বাইরে সালমান অবশ্য আরেক সাবেক প্রেমিকাকে নিয়ে ব্যস্ত আছেন। তিনি সঙ্গীতা বিজলানী। স্বামী আজহারউদ্দিন ব্যস্ত নতুন প্রেমিকা নিয়ে। সঙ্গীতাও তাই সুযোগ বুঝে ফিরে এসেছেন সালমান খানের জীবনে। সালমানের বোন অর্পিতার জন্মদিনের পার্টিতে দেখা যায়নি ক্যাটরিনা কাইফকে। বরং অতিথিদের আপ্যায়নের দায়িত্ব পালন করেন সঙ্গীতা। এ ব্যাপারে সালমানের স্পষ্ট স্বীকারোক্তি, ‘সঙ্গীতা সব সময়ই আমার বন্ধু ছিল। আছে। থাকবে।’ তাহলে ক্যাটরিনা? সালমানের জীবনে ক্যাটরিনার বর্তমান অবস্থান নিয়ে কেউই নিশ্চিত কোনো তথ্য জানাতে পারছেন না। কারও কারও মতে, দুজনের অনেক আগেই সম্পর্কচ্ছেদ হয়েছে। ক্যাটরিনা ব্যক্তিগতভাবে খান পরিবারের কাছে কৃতজ্ঞ। তাই কোনো ধরনের তিক্ত সম্পর্কে না গিয়ে পেশাদারসুলভ মনোভাব টিকিয়ে রাখছেন। এমনকি সম্প্রতি ক্যাটরিনা তাঁর মুক্তি পাওয়া সুপারহিট ছবি রাজনীতির বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন খান পরিবারের জন্য। সবাই উপস্থিত ছিলেন, সালমান খান বাদে। যদিও ক্যাটরিনার মতে, ‘সালমান কখনোই আমার ছবি দেখে না। এমনকি সালমানের সঙ্গে করা আমার ছবিগুলোও সালমান কখনো পুরো দেখেনি।’ কিন্তু কেন? নিরুত্তর ক্যাটরিনা। মুখে শুধু একচিলতে হাসি। শোনা যায়, ক্যাটরিনার সঙ্গে কোনো ছবি করতেও আগ্রহী নন সালমান। কারণ হিসেবে অনেকেই বলেন, সালমান কৃত্রিম ব্যবহারে বিশ্বাসী নন। ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা করতে পারেন না তিনি। হয়তো এ কারণেই ক্যাটকে এড়িয়ে চলা। অবশ্য এতে লাভ হয়েছে নতুনদের। লন্ডন ড্রিমস ফ্লপ করার পরও অসিনের সঙ্গে রেডি করছেন সালমান। বীর ফ্লপ করার পরও নায়িকা জেরিন খান আমির খানের পার্টিতে হাজির হচ্ছেন। নো এন্ট্রি-২, মিস্টার ইন্ডিয়া-২, পার্টনার-২, ওয়ান্টেড-২তে কঙ্গনা রনৌত, দীপিকা পাড়ুকোন, সোনাক্ষী সিনহা, জেরিন খানকে নেওয়ার জন্য প্রযোজকদের অনুরোধ করছেন। প্রযোজকেরাও সালমানের পরামর্শমাফিক চলছেন। চলবেনই বা না কেন? ৪৫ বছর বয়সেও সালমান তাঁর পছন্দ অনুযায়ী ছবি করতে পারছেন। পারিশ্রমিক হাঁকতে পারছেন। বিশাল অঙ্কের পারিশ্রমিক নিয়ে কালারসের ‘বিগ বস’ উপস্থাপনা করতে যাচ্ছেন সালমান। সব মিলিয়ে এটা নিশ্চিত, বলিউডে আবারও সালমান-জ্বর শুরু হতে যাচ্ছে। রুম্মান রশীদ খানতথ্যসূত্র: ওয়েবসাইট