
বাংলাদেশে এখন অনেক তরুণ-তরুণী চলচ্চিত্র নির্মাণ করছেন। এগুলো স্বল্পদৈর্ঘ্য কাহিনি অথবা প্রামাণ্য চলচ্চিত্র। দেশের নতুন এসব চলচ্চিত্র তো দর্শকদের দেখাতে হবে—এমন ভাবনা মাথায় নিয়েই ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে বছরব্যাপী উৎসবের আয়োজন করেছে। এই আয়োজনে যৌথভাবে যুক্ত হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী।
‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে এ বছর এপ্রিল মাসে। গত দুই মাসে ১৭টি স্বল্পদৈর্ঘ্য, প্রামাণ্য, অ্যানিমেটেড ও পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র দেখানো হয়েছে। উৎসবে চলচ্চিত্র প্রদর্শিত হয় ন্যূনতম দর্শনীর বিনিময়ে। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতার হাতে তুলে দেওয়া হয়। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে উৎসবে চলচ্চিত্র জমা দিতে হয়। যেকোনো ফরম্যাটে ও যেকোনো দৈর্ঘ্যের চলচ্চিত্র এই উৎসবে জমা দেওয়া যায়। এরপর জুরিবোর্ডের সদস্যরা চলচ্চিত্র দেখে প্রদর্শনীর জন্য চলচ্চিত্র নির্বাচিত করেন। মাসের শেষ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রের প্রদর্শনী হয়। এভাবে বছরব্যাপী প্রদর্শিত চলচ্চিত্রগুলো থেকে তিনটি শাখায় তিনজন চলচ্চিত্র নির্মাতাকে দেওয়া হবে সেরা নির্মাতার পুরস্কার ও সম্মাননা। কাহিনিচিত্র বিভাগে ‘জহির রায়হান কাহিনিচিত্র পুরস্কার’, প্রামাণ্য চলচ্চিত্র বিভাগে ‘আলমগীর কবির প্রামাণ্য চলচ্চিত্র পুরস্কার’ এবং স্বল্পদৈর্ঘ্য ও অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে ‘বাদল রহমান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’। উৎসব-সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.moviyanafilmsociety.org <http://www.moviyanafilmsociety.org> এই ওয়েবসাইটে।
জুন মাসের নির্বাচিত চলচ্চিত্রগুলো কাল ২৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে বিকেল সাড়ে চারটায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায়।
কাল ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে কাল সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদর্শিত হবে আকরাম খান নির্মিত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ঘাসফুল।