নতুন চলচ্চিত্রনতুন নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছে। দেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র নিয়ে বছরব্যাপী এই উৎসবে নতুন নতুন চলচ্চিত্রনির্মাতা তৈরির পাশাপাশি তাঁদের সামাজিক পরিচিতি গড়ে উঠবে বলে আশা করছেন আয়োজকেরা।
গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য জানানো হয়। শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উৎসবের অন্যতম জুরি সদস্য চলচ্চিত্র গবেষক ও সমালোচক ফাহমিদুল হক, সাবরিনা সুলতানা চৌধুরী, চলচ্চিত্রনির্মাতা সামির আহমেদ এবং শিল্পী সব্যসাচী হাজরা। উৎসববিষয়ক বিস্তারিত তুলে ধরেন উৎসব পরিচালক ও ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ মাসের শেষ সপ্তাহে শুরু হয়ে আগামী বছরের এপ্রিলে শেষ হবে। সমাপনী অনুষ্ঠানে বছরব্যাপী বাছাই করা এবং প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্য থেকে তিনটি বিভাগে তিনজন নির্মাতাকে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে।
শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনে সাত সদস্যের জুরি কমিটি গঠন করা হয়েছে। জুরি কমিটির প্রধান হচ্ছেন অগ্রজ চলচ্চিত্রকার ও চলচ্চিত্র সংসদ আন্দোলনের অন্যতম পুরোধা সৈয়দ সালাহউদ্দিন জাকী। যেকোনো বয়সের চলচ্চিত্রনির্মাতা যেকোনো ফরম্যাটে নির্মিত চলচ্চিত্র নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য, কাহিনি ও প্রামাণ্য, নিরীক্ষা ও অ্যানিমেটেড—সব ধরনের চলচ্চিত্রের জন্য দ্বার উন্মুক্ত থাকবে। একজন নির্মাতা একাধিক চলচ্চিত্র এই কর্মসূচিতে জমা দিতে পারবেন। তবে এক মাসে একটির বেশি নয়।