নতুন চলচ্চিত্রে ফেরদৌস-সোহানা সাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাচীর পেরিয়ে’ ছবির মহরত অনুষ্ঠানে জুয়েল আইচ,সোহানা সাবা ও ফেরদৌস
‘প্রাচীর পেরিয়ে’ ছবির মহরত অনুষ্ঠানে জুয়েল আইচ,সোহানা সাবা ও ফেরদৌস

নতুন চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন ফেরদৌস ও সোহানা সাবা। আজ শনিবার দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। শাহানূর রিপন পরিচালিত ছবিটির নাম ‘প্রাচীর পেরিয়ে’।

‘প্রাচীর পেরিয়ে’ ফেরদৌস ও সোহানা সাবার তিন নম্বর চলচ্চিত্র। এর আগে তাঁরা দুজন জুটি হয়ে কবরী পরিচালিত ‘আয়না’ (২০০৪) এবং মুরাদ পারভেজের ‘বৃহন্নলা’ (২০১৪) ছবিতে অভিনয় করেছিলেন।
নতুন ছবি প্রসঙ্গে ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে এখন শিশুতোষ চলচ্চিত্র তৈরি হয় না বললেই চলে। যেসব ছবি ঠিকঠাকভাবে তৈরি হয়েছে, সেসব ছবি একেকটা মাইলস্টোন হয়ে আছে। ‘প্রাচীর পেরিয়ে’ ছবির গল্প শুনে ভালো লেগেছে। মনে হয়েছে, ঠিকভাবে তৈরি করা গেলে এটিও একটা বড় ব্যাপার হবে।’
এদিকে, ‘প্রাচীর পেরিয়ে’ ছবির মহরত অনুষ্ঠানের প্রশংসা করে ফেরদৌস বলেন, ‘আমাদের দেশে এখন আর সেই অর্থে বড় পরিসরে ছবির মহরত অনুষ্ঠান করা হয় না। ইদানীং বেশির ভাগ ছবির মহরত সেরে ফেলা হয় কোনো রেকর্ডিং স্টুডিওতে। বহুদিন পর কোনো ছবির এমন বড় মহরত অনুষ্ঠান এসে খুবই ভালো লাগল। কেন জানি মনে হচ্ছে, বাংলা ছবির চিত্রটা সামনে বদলে যাবে। কারণ, আমাদের সরকারও চলচ্চিত্রের ব্যাপারে এখন অনেক বেশি আন্তরিক।’

‘প্রাচীর পেরিয়ে’ ছবির মহরত অনুষ্ঠানে (বাঁ থেকে) পরিচালক শাহানূর রিপন অভিনয়শিল্পী জুয়েল আইচ, সোহানা সাবা ও ফেরদৌস
‘প্রাচীর পেরিয়ে’ ছবির মহরত অনুষ্ঠানে (বাঁ থেকে) পরিচালক শাহানূর রিপন অভিনয়শিল্পী জুয়েল আইচ, সোহানা সাবা ও ফেরদৌস

‘প্রাচীর পেরিয়ে’ ছবিতে সোহানা সাবা অতিথি চরিত্রে অভিনয় করবেন। বললেন, ‘ছবির পরিচালক শাহানূর রিপন ভাইয়ের সঙ্গে অনেক আগে থেকে আমার পরিচয়। তাঁর ওপর আমার বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে ছবিটির সঙ্গে যুক্ত হওয়া। আশা করছি, তিনি বিশ্বাসের মর্যাদা রাখবেন।’
‘প্রাচীর পেরিয়ে’ ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন নন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ। মহরত অনুষ্ঠানে তিনিও উপস্থিত ছিলেন। এ ছাড়া অন্যদের মধ্যে আরও ছিলেন শিশুসাহিত্যিক আলী ইমাম, পরিচালক কাজী হায়াতসহ আরও অনেকে।