নতুন চলচ্চিত্রে র‌্যাম্পের পিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন আরেকটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আলোচিত র‌্যাম্প মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। চলচ্চিত্রের নাম ‘দ্য স্টোরি অব সামারা’। পরিচালক রিকিয়া মাসুদ। এটি পিয়ার তৃতীয় চলচ্চিত্র।সোমবার রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওই ছবির কলাকুশলীরা উপস্থিত ছিলেন।নতুন ছবি প্রসঙ্গে পিয়া বলেন, ‘পাঁচ বন্ধুর গল্প নিয়ে ‘‘দ্য স্টোরি অব সামারা’’ ছবিটি নির্মিত হবে। এটি একটি রোমাঞ্চকর ভৌতিক ছবি। আমাদের দেশে এ ধরনের ছবি আগে কখনো নির্মিত হয়নি। তাই গল্পটা শোনার পর ভালো লেগে যায়। আশা করছি, ছবির শুটিংয়েও নতুন কিছু অভিজ্ঞতা হবে।’ পিয়া প্রথম অভিনয় করেছিলেন রেদওয়ান রনি অভিনীত ‘চোরাবালি’ ছবিতে। এতে তিনি অভিনয় করেছিলেন শহীদুজ্জামান সেলিমের বিপরীতে। এ ছবিতে অভিনয়ের জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারে সমালোচকদের রায়ে চূড়ান্ত পর্বের মনোনয়ন পেয়েছিলেন পিয়া। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে পিয়া বলেন, ‘রেদওয়ান রনি পরিচালিত “চোরাবালি” ছবিতে অভিনয়ের পর অনেকের কাছ থেকে প্রশংসা পেয়েছি। এরপর চলচ্চিত্রে অভিনয়ের ব্যাপারে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে অনেক গুণ। তাই চলচ্চিত্রে নিয়মিত হওয়ার কথা ভাবছি।’রিকিয়া মাসুদ পরিচালিত ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন সিবা, প্রসূন আজাদ, সাঞ্জু, আমান খান, এ টি এম শামসুজ্জামান, কাবিলা, চিত্রলেখা গুহ প্রমুখ। ঈদের পর যেকোনো সময় ‘দ্য স্টোরি অব সামারা’ ছবির শুটিং শুরু হবে বলে জানালেন পিয়া। তার আগে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে পিয়া ‘প্রবাসী প্রেম’ ছবির শুটিংয়ের জন্য দক্ষিণ আফ্রিকায় যেতে পারেন। পার্থ সরকারের পরিচালনায় ‘টু বি অর নট টু বি’ টেলিছবিতে অভিনয়ের মধ্য দিয়ে র্যাম্প মডেলিং থেকে অভিনয়ের জগতে যাত্রা করেছিলেন পিয়া। এখন নিয়মিতই অভিনয় করছেন। তবে তা পছন্দের নির্মাতাদের মধ্যেই সীমাবদ্ধ আছে এখনো। প্রসঙ্গত, আলোচিত র্যাম্প মডেল পিয়া এ বছরের মার্চে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন। পিয়ার মাথায় চ্যাম্পিয়নের মুকুট পরিয়ে দিয়েছিলেন বলিউডের খ্যাতনামা অভিনেত্রী কারিশমা কাপুর। ২০০৭ সালে পিয়া মিস বাংলাদেশ হওয়ার গৌরব অর্জন করেন। এ বছরের মার্চে মিসরে অনুষ্ঠিত ‘টপ মডেল অব দ্য ইয়ার’ নামের আরেকটি প্রতিযোগিতায়ও অংশ নেন পিয়া